শনিবার

২৯ আগস্ট, ২০২৬ ১৪ ভাদ্র, ১৪৩৩

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার দুই

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশিত: ২৯ আগস্ট, ২০২৬ ১৬:৪৭

শেয়ার

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার দুই
ছবি: সংগৃহীত

গাইবান্ধার ফুলছড়িতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের এক সহযোগী পুলিশের উপস্থিতি টের পেয়ে জানালা দিয়ে পালিয়ে গেছে।

শনিবার (২৯ আগস্ট) দুপুরে গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোত্তালিব সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়নের উত্তর কাঠুর (বটের ভিটা) গ্রামের মৃত ইনছার আলীর ছেলে মো. রেজা মিয়া (৩৯) ও একই গ্রামের মো. চাঁন মিয়ার ছেলে মো. আয়নাল হক (৪০)। এ সময় আয়নাল হকের ভাই মো. আনারুল ইসলাম (৩৫) জানালা দিয়ে কৌশলে পালিয়ে যান।

পুলিশ জানায়, শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল উদাখালী ইউনিয়নের উত্তর কাঠুর (বটের ভিটা) এলাকায় অভিযান চালায়। এ সময় রেজা মিয়ার বাড়ির শয়নকক্ষে ইয়াবা সেবন ও কেনাবেচা চলছিল বলে পুলিশের কাছে তথ্য ছিল।

পরে সেখানে অভিযান চালিয়ে ইয়াবা সেবনরত অবস্থায় রেজা মিয়া ও আয়নাল হককে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আনারুল ইসলাম শয়নকক্ষের জানালা দিয়ে পালিয়ে যান।

পুলিশের দাবি, রেজা মিয়ার দেহ তল্লাশি করে তার পরিহিত প্যান্টের সামনের বাম পকেট থেকে একটি নীল রঙের জিপার প্যাকেটে থাকা ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একইভাবে আয়নাল হকের কাছ থেকেও আরও ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে মোট ১০০ পিস ইয়াবা জব্দ করা হয়।

গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোত্তালিব সরকার বলেন, ‘গ্রেপ্তারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেফতার দুজনকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’