বাঁশখালীর স্বনামধন্য স্বেচ্ছাসেবী সংগঠন ‘মানবতার কল্যাণে আমরা’-এর ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী ও ৫ম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা এবং বৃক্ষের চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে বাঁশখালীর নাপোড়া শেখেরখীল উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান সন্ধ্যায় সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর অ্যাডভোকেট তারেক আব্দুল্লাহ।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট তারেক আব্দুল্লাহ বলেন, 'মানুষের কল্যাণে কাজ করা এবং দুর্যোগ-দুর্বিপাকে অসহায় মানুষের পাশে দাঁড়ানো সহজ কাজ নয়। মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতা থেকেই মানুষকে মানুষের পাশে দাঁড়াতে হয়। সম্প্রতি বাঁশখালীতে সংঘটিত স্মরণকালের ভয়াবহ বন্যায় ‘মানবতার কল্যাণে আমরা’ সংগঠনের সদস্যরা যেভাবে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন, তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।' তিনি বলেন, 'বাঁশখালীর বিত্তবান, দানশীল ও সামর্থ্যবান ব্যক্তিরা সম্মিলিতভাবে এগিয়ে এলে দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন আরও দ্রুত ও কার্যকরভাবে সম্ভব। এখনো অনেক ক্ষতিগ্রস্ত পরিবার তাদের ভেঙে পড়া ঘরবাড়ি পুনর্নির্মাণ করতে পারেনি। তাদের পাশে দাঁড়ানো সমাজের সামর্থ্যবানদের নৈতিক দায়িত্ব।'
তরুণ সমাজের উদ্দেশে তিনি বলেন, 'মাদক আজ আমাদের তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি মাদকের বিরুদ্ধে সবাইকে সমানভাবে সচেতন ও সোচ্চার হতে হবে। অন্যথায় ভবিষ্যৎ প্রজন্মকে ভয়াবহ বিপদের মুখোমুখি হতে হবে। সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে মানুষের কল্যাণে করা প্রতিটি কাজই মানবিক কাজ। ‘মানবতার কল্যাণে আমরা’ সংগঠনের এ মানবিক অগ্রযাত্রায় আমি সবসময় পাশে থাকার চেষ্টা করব, ইনশাআল্লাহ।'
সংগঠনের সভাপতি হাফেজ মাওলানা আনিছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন মানবিক ব্যক্তিত্ব ব্রাদার বাহার, নাপোড়া শেখেরখীল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম, বাঁশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহিদ উল্লাহ, বাঁশখালী প্রেস ক্লাবের যুগ্ম আহ্বায়ক সাংবাদিক শিব্বির আহমদ রানা, মোহাম্মদ জাহেদুল ইসলাম টুকু, মাওলানা ওসমান গণি, প্রিয় বাঁশখালী সম্পাদক কাজী শাহারিয়ার, বাঁশখালী টাইমস সম্পাদক আবু ওবায়দা আরাফাত এবং সাংবাদিক ও সংগঠক আব্দুর রহমান সোহেল।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন হাফেজ আব্দুর রশিদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সদস্য মোহাম্মদ মোর্শেদুল হক।
অনুষ্ঠানে ২০২৬ সালের স্মরণকালের ভয়াবহ বন্যায় বাঁশখালীর ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণসামগ্রী ও মানবিক সহায়তা প্রদান করে দৃষ্টান্ত স্থাপনকারী ব্যক্তি ও বিভিন্ন সামাজিক সংগঠনকে সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়।
এ ছাড়া চট্টগ্রাম জেলায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ায় বাঁশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহিদ উল্লাহকে সংবর্ধিত করা হয়। বন্যার সময় দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত স্থাপনকারী বিভিন্ন ব্যক্তি, সংবাদকর্মী ও সামাজিক সংগঠনকেও সম্মাননা প্রদান করা হয়।
বর্ষপূর্তি উপলক্ষে অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। এ সময় সংগঠনের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষার্থী, শিক্ষক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:







