চট্টগ্রামের মিরসরাইয়ে নতুন মোটরসাইকেল কেনার কয়েক ঘণ্টার মধ্যেই সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাতে উপজেলার জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল সড়কের বড়তাকিয়া গেট এলাকায় দ্রুতগতির লরির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—মঘাদিয়া ইউনিয়নের মিয়াপাড়া গ্রামের মৃত আমিনুল ইসলামের ছেলে তালাত মাহমুদ শুভ (১৯) এবং একই ইউনিয়নের ফকিরপাড়া এলাকার প্রবাসী শেখ ফরিদের ছেলে আব্দুল্লাহ আল ওমর (১৯)।
প্রত্যক্ষসূত্রে জানা যায়, শুক্রবার রাতে শুভ ও তার বন্ধু ওমর বারৈয়ারহাট বাজার থেকে নতুন মোটরসাইকেল কিনে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। রাত সাড়ে ১১টার দিকে বড়তাকিয়া গেট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির লরির সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই শুভ নিহত হন। গুরুতর আহত ওমরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত শুভর ভাই ইমাম হোসেন ফরহাদ ও ওমরের মামা সাইদুল ইসলাম শাহীন জানান, শুভ ও ওমর ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। তারা পড়াশোনার পাশাপাশি স্থানীয় আবুতোরাব বাজারের একটি ল্যাবে চাকরি করতেন। নতুন মোটরসাইকেল কিনে বন্ধুকে সঙ্গে নিয়ে বাড়ি ফেরার পথেই তাদের মর্মান্তিক মৃত্যু হয়।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন জানান, বিশেষ অর্থনৈতিক অঞ্চল সড়কের বড়তাকিয়া গেট এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় শুভ নামে একজন নিহত হয়েছেন। অপরজনকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
আরও পড়ুন:







