ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিজ বসতঘরে অভিযান চালিয়ে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ শরিফ ভূইয়া নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তার কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনও জব্দ করা হয়।
শুক্রবার আখাউড়া থানাধীন মনিয়ন্দ ইউনিয়নের খারকোট মধ্যপাড়ায় এ অভিযান পরিচালনা করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়ার দেয়া তথ্য অনুযায়ী, খারকোট মধ্যপাড়ায় শরিফ ভূইয়ার নিজ দখলীয় পূর্বমুখী চার কক্ষবিশিষ্ট একতলা পাকা বসতবাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত শরিফ ভূইয়া খারকোট মধ্যপাড়ার ৩নং ওয়ার্ডের বাসিন্দা। তিনি মৃত ইদ্রিস আলী ভূঞার ছেলে এবং নিলুফা বেগমের সন্তান।
অভিযান শেষে উদ্ধার করা ইয়াবা ও মোবাইল ফোন জব্দ করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ ওবায়দুল কবির বাদী হয়ে গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আখাউড়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার উপ-পরিচালক সাজেদুল হাসান বলেন, মাদকের বিস্তার রোধে নিয়মিতভাবে অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে।
তিনি জানান, মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে অভিযান আরও জোরদার করা হবে। "মাদকের সঙ্গে কোনো ধরনের আপস নয়" মাদকবিরোধী এ কার্যক্রম আগামী দিনগুলোতেও আরও কঠোরভাবে পরিচালনা করা হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
আরও পড়ুন:







