শুক্রবার

২৮ আগস্ট, ২০২৬ ১৩ ভাদ্র, ১৪৩৩

৪ বছরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ৫৪৮ দুর্ঘটনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ আগস্ট, ২০২৬ ১৯:০১

শেয়ার

৪ বছরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ৫৪৮ দুর্ঘটনা
ছবি সংগৃহীত

পদ্মা সেতু উদ্বোধনের পর চার বছরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ৫৪৮টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় ১৪৭ জন নিহত ও ৮৭৪ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, ২০২২ সালের ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের দিন থেকে ২০২৬ সালের ২৭ আগস্ট পর্যন্ত ঢাকা-মাওয়া হাইওয়ে এক্সপ্রেসওয়ের মাওয়া টোল প্লাজা থেকে ধলেশ্বরী টোল প্লাজা পর্যন্ত এলাকায় মোট ৫৪৮টি সড়ক দুর্ঘটনা ঘটে। এসব দুর্ঘটনায় ৮৭৪ জন আহত এবং ১৪৭ জন নিহত হয়েছেন।

উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটাররা অত্যন্ত ঝুঁকি নিয়ে পেশাদারত্বের সঙ্গে দুর্ঘটনাকবলিত আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন। নিহতদের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি বলেন, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দিন দিন যানবাহনের চাপ বৃদ্ধির সঙ্গে সড়ক দুর্ঘটনার সংখ্যাও বাড়ছে। দুর্ঘটনা প্রতিরোধে চালক ও সাধারণ জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

সফিকুল ইসলাম বলেন, নিয়ম মেনে চললে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।