শুক্রবার

২৮ আগস্ট, ২০২৬ ১৩ ভাদ্র, ১৪৩৩

পুলিশের ধাওয়ায় পুকুরে গাঁজাভর্তি মাইক্রোবাস: উদ্ধার ২৫২ কেজি গাঁজা

মোছাব্বির হাসান সজীব, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ২৮ আগস্ট, ২০২৬ ১৮:১৭

শেয়ার

পুলিশের ধাওয়ায় পুকুরে গাঁজাভর্তি মাইক্রোবাস: উদ্ধার ২৫২ কেজি গাঁজা
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পুলিশের ধাওয়ার মুখে গাঁজাভর্তি একটি মাইক্রোবাস পুকুরে ফেলে পালিয়েছে অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি। পরে পরিত্যক্ত মাইক্রোবাসটি তল্লাশি করে ২৫২ কেজি গাঁজা উদ্ধার করেছে কসবা থানা পুলিশ।

শুক্রবার সকাল ৬:১০ মিনিটের দিকে উপজেলার সৈয়দাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কসবা থানা পুলিশের একটি দল সৈয়দাবাদ এলাকায় চেকপোস্ট পরিচালনা করছিল। এ সময় একটি কালো রঙের মাইক্রোবাসকে থামার জন্য সংকেত দেওয়া হয়। কিন্তু চালক পুলিশের সংকেত উপেক্ষা করে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।

একপর্যায়ে পুলিশের ধাওয়া খেয়ে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি পুকুরে ফেলে গাড়িতে থাকা অজ্ঞাতনামা ব্যক্তিরা পালিয়ে যায়।

পরে পুলিশ পুকুর থেকে মাইক্রোবাসটি উদ্ধার করে তল্লাশি চালায়। তল্লাশিতে গাড়িটির ভেতর থেকে ৯টি বস্তায় মোট ২৫২ কেজি গাঁজা পাওয়া যায়।

উদ্ধার করা গাঁজা ও মাইক্রোবাসটি বিধি মোতাবেক জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় কসবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজুর প্রক্রিয়া চলছে। একই সঙ্গে মাইক্রোবাসের মালিকানা ও এর সঙ্গে জড়িত অজ্ঞাতনামা ব্যক্তিদের শনাক্ত এবং গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

পুলিশের এই অভিযানে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধারের ঘটনায় এলাকায় মাদকবিরোধী অভিযানে নতুন করে আশার সঞ্চার হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, মাদক পরিবহন ও ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।