মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে ভারতীয় চোরাকারবারিদের সঙ্গে বিজিবি সদস্যদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও ৫০০ পিস ইয়াবাসহ বলাই দাস নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে উপজেলার কুমারশাইল সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
বিয়ানীবাজার ব্যাটালিয়নের (৫২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, ভারতীয় একটি চোরাকারবারি দল বড়লেখার কুমারশাইল সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধ অস্ত্র ও মাদক প্রবেশের চেষ্টা করছে। এ তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে সন্দেহভাজন চোরাকারবারিদের চ্যালেঞ্জ করলে তারা বিজিবি সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরাও পাল্টা গুলিবর্ষণ করেন।
এ সময় চোরাকারবারি দলের সহযোগীরা পালিয়ে যেতে সক্ষম হলেও ভারতীয় নাগরিক বলাই দাসকে আহত অবস্থায় আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও ৫০০ পিস ইয়াবা জব্দ করা হয়।
লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান আরও জানান, আটক বলাই দাস বর্তমানে বিজিবির হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।
আরও পড়ুন:







