শুক্রবার

২৮ আগস্ট, ২০২৬ ১৩ ভাদ্র, ১৪৩৩

বাঁশখালীতে ৭ হাজার ইয়াবাসহ রংপুরের যুবক গ্রেপ্তার

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: ২৮ আগস্ট, ২০২৬ ১২:০৯

শেয়ার

বাঁশখালীতে ৭ হাজার ইয়াবাসহ রংপুরের যুবক গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে চট্টগ্রামের বাঁশখালীতে ৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলসহ মো. ইয়াকুব আলী নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার সকালে উপজেলার চাম্বল ইউনিয়নের ছড়ারব্রীজ এলাকার পাকা সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ইয়াকুব আলী রংপুর জেলার পীরগঞ্জ থানার মিঠিপুর ইউনিয়নের কতুবপুর গবরা এলাকার মৃত মহির উদ্দিনের ছেলে।

বাঁশখালী থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ছড়ারব্রীজের সামনে অভিযান চালায় পুলিশের একটি দল। এ সময় একটি রেজিস্ট্রেশনবিহীন কালো-সিলভার রঙের জিপিএক্স ডেমন মোটরসাইকেলে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে মোটরসাইকেলের ফুয়েল ট্যাংকের পাশে কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ইয়াবাগুলো জব্দ এবং মোটরসাইকেলটি হেফাজতে নেয় পুলিশ।

বাঁশখালী থানার অপারেশন অফিসার মো. আরিফ হোসাইন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোটরসাইকেলটি তল্লাশি করা হয়। তল্লাশির সময় ফুয়েল ট্যাংকের পাশে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় বিপুল পরিমাণ ইয়াবা পাওয়া যায়। মাদক পরিবহন ও পাচারের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, 'মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান কঠোর। বাঁশখালীকে মাদকমুক্ত রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক পরিবহন, সরবরাহ ও ব্যবসার সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেয়া হবে না। উদ্ধার করা ইয়াবার উৎস ও এর সঙ্গে জড়িত অন্যদের বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।' তিনি আরও বলেন, সমগ্র বাঁশখালীতে মাদকের বিরোদ্ধে ইউনিয়নভিত্তিক জনমত গড়ে তোলার কাজ করছে থানা পুলিশ।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় গ্রেপ্তার ইয়াকুব আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।