হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৫ কেজি ১২০ গ্রাম কুশ ও ভারতীয় পাসপোর্টসহ দুই ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ভারতের পশ্চিমবঙ্গের বাসিন্দা ABDUL RAHMAN (৪৬) ও MOHAMMED IQBAL ANSARI (৪৫)। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে বিমানবন্দরের নিচতলায় আগমনী হলের গ্রিন চ্যানেল থেকে তাদের আটক করা হয়।
ডিএনসি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো (উত্তর), হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কার্যালয়ের সহকারী পরিচালক ড. মো. আবু সাঈদ মিয়ার নেতৃত্বে একটি বিশেষ টিম দুপুর ১টায় বিমানবন্দরের গ্রিন চ্যানেলে অবস্থান নেয়।
এ সময় ব্যাংকক থেকে থাই এয়ারওয়েজের TG321 ফ্লাইটে আসা ABDUL RAHMAN ও MOHAMMED IQBAL ANSARI-কে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষী ও বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার সদস্যদের সামনে তাদের ট্রাভেল ট্রলি তল্লাশি করা হয়। এ সময় কাপড়ের নিচে সুকৌশলে লুকানো ৫ কেজি ১২০ গ্রাম কুশ উদ্ধার করা হয়।
অভিযানে ৫ কেজি ১২০ গ্রাম কুশের পাশাপাশি দুইটি ভারতীয় পাসপোর্ট, বিভিন্ন মানের ৫০০ মার্কিন ডলার, ৫০০ মানের ২০টি ভারতীয় রুপি, তিনটি স্মার্টফোন ও দুইটি বোর্ডিং কার্ড জব্দ করা হয়।
গ্রেপ্তার দুই ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় বিমানবন্দর থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর), বিমানবন্দর সার্কেলের পরিদর্শক শাহরিয়া শারমিন বাদী হয়ে মামলাটি করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।
আরও পড়ুন:







