বৃহস্পতিবার

২৭ আগস্ট, ২০২৬ ১২ ভাদ্র, ১৪৩৩

মামলার ‘সেঞ্চুরি’র পথে রাসেল: আশুগঞ্জে ইয়াবা ও অস্ত্রসহ গ্রেফতার ৩৮ মামলার আসামি

মোছাব্বির হাসান সজীব, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ২৭ আগস্ট, ২০২৬ ২১:৫৬

শেয়ার

মামলার ‘সেঞ্চুরি’র পথে রাসেল: আশুগঞ্জে ইয়াবা ও অস্ত্রসহ গ্রেফতার ৩৮ মামলার আসামি
ছবি: বাংলা এডিশন

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ছিনতাই, ডাকাতি, দস্যুতা, অস্ত্র, মাদক ও চুরিসহ বিভিন্ন অপরাধে ৩৮টি মামলার আসামি রাসেলকে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুর ১২:৪০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আশুগঞ্জ উপজেলার সোনারামপুর এলাকায় ‘লা ভিডা হাসপাতাল’-এর পেছন থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারের সময় রাসেলের হেফাজত থেকে ৫১ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃত রাসেল আশুগঞ্জ থানার চরচারতলা গ্রামের আব্দুল জলিলের ছেলে। পুলিশের তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে আশুগঞ্জ থানাসহ বিভিন্ন থানায় মোট ৩৮টি মামলা রয়েছে। এসব মামলার মধ্যে ৭টি ডাকাতি, ৭টি দস্যুতা, ৯টি ডাকাতির প্রস্তুতি, ৫টি বিস্ফোরক আইনে, ৪টি মাদক, ৩টি অস্ত্র, ২টি চুরি এবং একটি হত্যা মামলা রয়েছে।

পুলিশের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, রাসেল দীর্ঘদিন ধরে এলাকায় ডাকাতি, দস্যুতা, চুরি ও মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

আশুগঞ্জ থানার পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

স্থানীয়দের প্রত্যাশা, রাসেলের বিরুদ্ধে থাকা মামলাগুলো যথাযথভাবে তদন্তের মাধ্যমে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হলে এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে ইতিবাচক ভূমিকা রাখবে।



আরও পড়ুন: