গাজীপুরের টঙ্গীতে সিজারিয়ান অপারেশনের সময় জরায়ু কেটে যাওয়ার পর অতিরিক্ত রক্তক্ষরণে তামান্না (২১) নামে এক প্রসূতি ও তাঁর নবজাতক কন্যাশিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে।
বুধবার (২৬ আগস্ট) রাতে টঙ্গী পূর্ব থানাধীন স্টেশন রোড এলাকার নিউ লাইফ হাসপাতাল অ্যান্ড ট্রমা সেন্টারে এ ঘটনা ঘটে।
নিহত তামান্না গাজীপুর মহানগরীর পূবাইল থানার বসুগাঁও মীরের বাজার এলাকার মো. সিদ্দিক মিয়ার মেয়ে এবং মো. রবিউল ইসলাম তুহিনের স্ত্রী।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে সন্তান প্রসবের জন্য তামান্নাকে নিউ লাইফ হাসপাতালে ভর্তি করা হয়। পরে হাসপাতালের গাইনি ও অবস বিভাগের সার্জন ডা. ফারহানা আক্তারের তত্ত্বাবধানে তাঁর সিজারিয়ান অপারেশন করা হয়।
স্বজনদের অভিযোগ, অপারেশনের সময় জরায়ু কেটে যাওয়ায় তামান্নার অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হয়। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে রাত ১০টার দিকে হাসপাতাল কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সে করে তাঁকে উত্তরার শিন শিন হাসপাতালে পাঠায়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে তামান্নাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, সিজারিয়ান অপারেশনের পর নিউ লাইফ হাসপাতালেই নবজাতক কন্যাশিশুটির মৃত্যু হয়।
এদিকে ঘটনার পর অভিযুক্ত চিকিৎসক ডা. ফারহানা আক্তারের বক্তব্য জানতে তাঁর ব্যক্তিগত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। হাসপাতালের অফিসিয়াল নম্বরেও যোগাযোগের চেষ্টা করে তা বন্ধ পাওয়া যায়।
খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। চিকিৎসায় কোনো ধরনের অবহেলা, গাফিলতি বা ভুল চিকিৎসা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াও চলছে।
তবে গভীর রাতে নিহতের পরিবারের সঙ্গে স্থানীয় কয়েকজনের টাকার বিনিময়ে বিষয়টি মীমাংসা হয়েছে—এমন একটি তথ্য পাওয়া গেলেও এর সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি।
এ বিষয়ে গাজীপুরের সিভিল সার্জন ডা. মামুনুর রহমান বলেন, বিষয়টি খোঁজ নিয়ে তদন্ত কমিটি গঠন সাপেক্ষে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুক্তভোগী পরিবার থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে সেটিও আমলে নিয়ে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। অবৈধ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে আমাদের নিয়মিত মোবাইল কোর্ট ও অভিযান অব্যাহত রয়েছে।
ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন নিহতের স্বজনরা।
আরও পড়ুন:







