সীমান্তবর্তী এলাকার ২৭জন নির্বাচিত যুবককে দক্ষ জনশক্তিতে পরিণত করে আত্মকর্ম সংস্থানের সুযোগ সৃষ্টি এবং চোরাচালানসহ অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে বর্ডার গার্ড বাংলাদেশ নীলফামারী ব্যাটালিয়ন (৫৬বিজিবি) এর ১৫ দিনব্যাপী মোবাইল ফোন ও হার্ডওয়ার সার্ভিসিং প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে নীলফামারীর ডোমার উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের গোসাইগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রশিক্ষণ কার্যক্রমের সমাপনিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) এর অধিনায়ক লে: কর্নেল তাইফুর হাসান মাহমুদ।
প্রশিক্ষণ কর্মসূচিতে সীমান্তবর্তী এলাকার ২৭ জন নির্বাচিত যুবক অংশগ্রহণ করেন। মোবাইল ফোন ও হার্ডওয়্যার সার্ভিসিং বিষয়ে প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করার পর অংশগ্রহণকারীদের সনদপত্র প্রদান করা হয়। এছাড়া প্রশিক্ষণে সেরা নির্বাচিত তিনজনকে নগদ অর্থ পুরস্কার দেওয়া হয়।
মনির ইসলাম নামে এক অংশগ্রহণকারী জানান, "মোবাইল সার্ভিসিং এর বেসিক বিষয় গুলো সম্পর্কে আমরা খুব ভালোমতো জানতে পারছি। এখন কেউ যদি আরও উচ্চতর জ্ঞান অর্জন করতে চায় তাদের ক্ষেত্রে বিজিবির এই প্রশিক্ষন অনেক সহায়ক হিসেবে কাজ করবে।"
প্রশিক্ষনে অংশ নেয়া হাবিবুর রহমান নামে এক প্রতিবন্ধি যুবক জানান, "আমার জীবনের এটাই প্রথম প্রশিক্ষণ। বিশেষ করে আমি উপকৃত হয়েছি বিজির এই প্রশিক্ষন পেয়ে। অন্যান্য প্রতিবন্ধির মতো আমাকে যেন মানুষের কাছে হাত পেতে সহযোগীতা নিয়ে চলতে না হয় সেজন্য এই প্রশিক্ষন আমার জন্য অনেক ভূমিকা রাখবে। বিজিবির এমন উদ্যোগকে সাধুবাদ জানাই।"
সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি নীলফামারী ৫৬ বিজিবির অধিনায়ক লে: কর্নেল তাইফুর হাসান মাহমুদ বলেন, সীমান্ত এলাকার যুব সমাজকে দক্ষ মানবসম্পদে রূপান্তরের মাধ্যমে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং চোরাচালানসহ বিভিন্ন অপরাধ থেকে তাদের দূরে রাখাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
তিনি বলেন, মানবকল্যাণ ও সীমান্ত এলাকার সামাজিক-অর্থনৈতিক উন্নয়নে বিজিবি ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে। এ প্রশিক্ষণের মাধ্যমে সীমান্তবর্তী এলাকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ বাড়বে, জীবনমানের উন্নয়ন ঘটবে এবং সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধেও ইতিবাচক ভূমিকা রাখবে।
সমাপনি অনুষ্ঠানে নীলফামারী ৫৬ বিজিবির উপ-অধিনায়ক মেজর কাজী আসিফ আহমেদ, ডাঙ্গাপাড়া বিওপি কোম্পানি কমান্ডার সুবেদার ফাইজুল ইসলাম সহ স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও বিজিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:







