বৃহস্পতিবার

২৭ আগস্ট, ২০২৬ ১২ ভাদ্র, ১৪৩৩

‎মানিকগঞ্জে ভেজাল ডিএপি সার বিক্রি, ব্যবসায়ীকে দুই লাখ টাকা জরিমানা

‎মানিকগঞ্জ,প্রতিনিধি

প্রকাশিত: ২৭ আগস্ট, ২০২৬ ১৭:০৯

শেয়ার

‎মানিকগঞ্জে ভেজাল ডিএপি সার বিক্রি, ব্যবসায়ীকে দুই লাখ টাকা জরিমানা
ছবি: বাংলা এডিশন

মানিকগঞ্জের সাটুরিয়ায় ভেজাল ডিএপি (ডাই-অ্যামোনিয়াম ফসফেট) সার বিক্রির অভিযোগে সানোয়ার হোসেন নামে এক ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় তার দোকান থেকে পাঁচ বস্তা ভেজাল সার জব্দ করা হয়।

‎বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে উপজেলার ফুকুরহাটী ইউনিয়নের জান্না বাজারে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের যৌথ অভিযানে এ জরিমানা করা হয়।

‎সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ অনিক ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

‎উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, জান্না বাজারের ওই দোকানে ভেজাল ডিএপি সার বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। পরে দোকানে থাকা সার পরীক্ষা করে এর মানহীনতা ও ভেজাল বিক্রির বিষয়টি নিশ্চিত হলে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। এ সময় সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ১৭ ধারা অনুযায়ী ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা করা হয় এবং পাঁচ বস্তা ভেজাল সার জব্দ করা হয়।

‎অভিযানে সাটুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া তাবাসসুম, ফুকুরহাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান, সাটুরিয়া থানা-পুলিশের সদস্য এবং সংশ্লিষ্ট ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

‎ইউএনও কাজী মোহাম্মদ অনিক ইসলাম বলেন, কৃষকদের স্বার্থ সুরক্ষা এবং বাজারে সারের গুণগত মান নিশ্চিত করতে প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে। ভেজাল সার বা বীজ বিক্রি করে কৃষকদের সঙ্গে প্রতারণা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।

‎কৃষকদের স্বার্থে এমন অভিযান নিয়মিত পরিচালনার দাবি জানিয়েছেন স্থানীয় কৃষকেরা।



আরও পড়ুন: