ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক অভিযানে ৪১০ গ্রাম গাঁজাসহ সাতজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়ার উপ-পরিচালক সাজেদুল হাসানের দেয়া তথ্য অনুযায়ী, অভিযানে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. জারু মিয়া, মো. লিটন আহমদ, মো. ইব্রাহীম খলিল, মো. দুলাল মিয়া, মো. শফিকুল, মো. ফরিদ মিয়া ও মো. মহিছুজ্জামান।
অভিযানকালে তাদের কাছ থেকে মোট ৪১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান গ্রেপ্তারকৃত সাতজন আসামিকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন
মাদকদ্রব্যের বিস্তার ও মাদক কারবাররোধে ব্রাহ্মণবাড়িয়ায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার উপ-পরিচালক সাজেদুল হাসান বলেন, “মাদকের বিস্তাররোধে আমাদের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে। মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার করা হবে।”
আরও পড়ুন:







