বৃহস্পতিবার

২৭ আগস্ট, ২০২৬ ১২ ভাদ্র, ১৪৩৩

অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে জিএমের পদত্যাগ দাবিতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ আগস্ট, ২০২৬ ১৪:০৬

শেয়ার

অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে জিএমের পদত্যাগ দাবিতে বিক্ষোভ
ছবি সংগৃহীত

সিরাজগঞ্জে অতিরিক্ত বিদ্যুৎ বিল দেওয়ার অভিযোগে জেনারেল ম্যানেজার নুরুল হুদার পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন উল্লাপাড়া পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহকেরা।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা গ্রাহকেরা সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন। এ সময় তারা জেনারেল ম্যানেজার নুরুল হুদার পদত্যাগ দাবি করেন।

মিটার রিডিং না দেখেই বিল তৈরির অভিযোগ

বিক্ষোভকারীদের অভিযোগ, অনেক সময় মিটার রিডিং না দেখেই ইচ্ছামতো বিদ্যুৎ বিল তৈরি করা হচ্ছে। এর ফলে গ্রাহকদের অতিরিক্ত অর্থ পরিশোধ করতে হচ্ছে। বাড়তি বিলের কারণে তাদের স্বাভাবিক জীবনযাত্রা ও ব্যবসা-বাণিজ্যের ব্যয়ও বেড়ে যাচ্ছে বলে দাবি করেন তারা।

একপর্যায়ে বিক্ষোভকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে অবস্থান নেওয়া গ্রাহকদের সরিয়ে দেওয়া হয়।

এরপর একটি প্রতিনিধি দল গ্রাহকদের বিভিন্ন অভিযোগ ও সমস্যার কথা জানাতে সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর জেনারেল ম্যানেজারের সঙ্গে দেখা করতে যায়।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ের সামনে অবস্থান নেওয়া গ্রাহকদের সরিয়ে দেওয়া হয়েছে।

তবে গ্রাহকদের অভিযোগের বিষয়ে সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর জেনারেল ম্যানেজার নুরুল হুদার বক্তব্য জানা যায়নি।