বুধবার

২৬ আগস্ট, ২০২৬ ১১ ভাদ্র, ১৪৩৩

ঝিনাইদহের মহেশপুরে মানবপাচার চক্রের সদস্য গ্রেফতার

ইসমাইল ইয়ানবী মহেশপুর (ঝিনাইদহ)

প্রকাশিত: ২৬ আগস্ট, ২০২৬ ২২:৪৮

শেয়ার

ঝিনাইদহের মহেশপুরে মানবপাচার চক্রের সদস্য গ্রেফতার
ছবি: বাংলা এডিশন

ঝিনাইদহের মহেশপুরে মানবপাচার চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ভারতে নেওয়ার পথে এক নারী ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার যুবকের নাম মো. ইমন (১৯)। তিনি মহেশপুর উপজেলার বাঘাডাংগা গ্রামের খাইরুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, ভারতে পাচারের উদ্দেশ্যে ওই নারীকে সীমান্ত এলাকায় নেওয়া হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাকে উদ্ধার করে। একই অভিযানে মানবপাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইমনকে গ্রেপ্তার করা হয়।

উদ্ধার হওয়া নারী নিতুন জেরা (৪১) রংপুরের তারাগঞ্জ উপজেলার উজিয়াল গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি গাজীপুরের টঙ্গী শিল্পাঞ্চল এলাকায় বসবাস করছিলেন।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইমনের মানবপাচার চক্রের সঙ্গে সম্পৃক্ততার বিষয়ে তথ্য পাওয়া গেছে বলে জানা গেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে। পাশাপাশি চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, সীমান্ত দিয়ে মানবপাচার ঠেকাতে নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।