কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় সংবাদ সংগ্রহে গিয়ে তিন সাংবাদিক হামলার শিকার হয়েছেন। বুধবার (২৬ আগস্ট) দুপুরে উপজেলার উত্তর রামপুরের মিস্ত্রীপুকুর পাড় এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।
হামলার শিকার সাংবাদিকরা হলেন—যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার ও কুমিল্লা প্রেস ক্লাবের নির্বাহী পরিষদের সদস্য রফিকুল ইসলাম চৌধুরী খোকন, ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের কুমিল্লা প্রতিনিধি ও কুমিল্লা টেলিভিশন সাংবাদিক ফোরামের নির্বাহী সদস্য তানভীর দীপু এবং স্টার নিউজের কুমিল্লা ব্যুরো রিপোর্টার ও কুমিল্লা টেলিভিশন সাংবাদিক ফোরামের তথ্যপ্রযুক্তি ও আপ্যায়ন সম্পাদক আবদুল্লাহ আল মারুফ।
হামলার শিকার সাংবাদিক তানভীর দীপু জানান, বুধবার দুপুরে তারা সংবাদ সংগ্রহের জন্য লালমাইয়ের দিকে যাচ্ছিলেন। পদুয়ার বাজার মোড়ে যানজট থাকায় উত্তর রামপুর বিদ্যুৎ অফিসের সামনের সড়ক দিয়ে কুমিল্লা-নোয়াখালী মহাসড়কে ওঠার চেষ্টা করেন তারা। এ সময় স্থানীয়দের তৈরি লোহার ব্যারিকেডে কয়েকটি গাড়ি আটকে থাকায় সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়।
তানভীর দীপু বলেন, যানজটের কারণ জানতে তিনি সামনে এগিয়ে গিয়ে ব্যারিকেডের ওপরের অংশ ধরে একটি একটি করে গাড়ি বের হওয়ার সুযোগ করে দিচ্ছিলেন। এ সময় স্থানীয় শাওন নামে এক যুবক এসে কেন যানজট নিরসন করছেন এবং মানুষকে চলে যাওয়ার সুযোগ দিচ্ছেন—এ নিয়ে তার সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান। একপর্যায়ে ওই যুবক তাকে ধাক্কা দেন। পরে সহকর্মী আবদুল্লাহ আল মারুফ এগিয়ে এসে তাকে সরিয়ে নেন।
তিনি আরও বলেন, কিছুক্ষণ পর ওই যুবক রড হাতে তাদের দিকে তেড়ে আসেন। স্থানীয়রা তাকে সরিয়ে নেওয়ার পর তারা ঘটনাস্থল থেকে চলে যাওয়ার চেষ্টা করছিলেন। এ সময় পেছন থেকে হঠাৎ হামলা চালানো হয়। এতে এক সাংবাদিক মাটিতে লুটিয়ে পড়েন এবং তিনিও হামলার শিকার হন।
সাংবাদিক আবদুল্লাহ আল মারুফ বলেন, তারা বুঝতেই পারেননি কেন হামলা করা হয়েছে। লোহার ব্যারিকেড সরানোর কারণে তাদের ওপর হামলা হয়ে থাকতে পারে বলে তিনি ধারণা করেন। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
সঙ্গে থাকা সাংবাদিক রফিকুল ইসলাম চৌধুরী খোকন বলেন, যুবকটি খুবই উগ্র ছিল। সাংবাদিক পরিচয় জানার পর সে আরও উত্তেজিত হয়ে যায়। তার সামনেই পেছন থেকে হঠাৎ তাদের ওপর হামলা করা হয়।
এদিকে তিন সাংবাদিকের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কুমিল্লা টেলিভিশন সাংবাদিক ফোরাম। সংগঠনের সভাপতি বাহার রায়হান ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির জীবন এক বিবৃতিতে এ নিন্দা জানান।
বিবৃতিতে তারা বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের হামলা, হুমকি বা হয়রানির শিকার হওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং স্বাধীনভাবে সংবাদ সংগ্রহ ও প্রকাশের পরিবেশ বজায় রাখা রাষ্ট্র ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব।
তারা আরও বলেন, সাংবাদিকদের ওপর হামলা শুধু ব্যক্তির ওপর আক্রমণ নয়, এটি স্বাধীন সাংবাদিকতা ও অবাধ তথ্যপ্রবাহের ওপরও নেতিবাচক প্রভাব ফেলে। ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের চিহ্নিত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
এ ঘটনায় নিন্দা জানিয়েছে কুমিল্লা প্রেস ক্লাবও। প্রেস ক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক ও সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু বলেন, এ ঘটনা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি। তারা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে বৃহস্পতিবার সকালে কুমিল্লা প্রেস ক্লাবে মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে বলেও জানান তারা।
সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল হাসান বলেন, এ ঘটনায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।
আরও পড়ুন:







