বুধবার

২৬ আগস্ট, ২০২৬ ১১ ভাদ্র, ১৪৩৩

মনোহরহঞ্জে সড়কে ধানের চারা লাগিয়ে স্থানীয়দের প্রতিবাদ

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: ২৬ আগস্ট, ২০২৬ ১৯:১২

শেয়ার

মনোহরহঞ্জে সড়কে ধানের চারা লাগিয়ে স্থানীয়দের প্রতিবাদ
ছবি: বাংলা এডিশন

দীর্ঘ তিন বছর ধরে অবহেলায় পড়ে আছে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বিনয়ঘর উত্তর পাড়া গ্রাম্য সড়কটি। দীর্ঘদিনেও সড়কের নির্মাণ কাজ শেষ না হওয়ায় চরম ক্ষোভ ও হতাশা থেকে আজ কর্দমাক্ত ও চলাচলের অনুপযোগী ওই সড়কটিতে ধানের চারা রোপণ করে অভিনব প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় ভুক্তভোগী জনতা।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় তিন বছর আগে সংশ্লিষ্ট ঠিকাদার সড়কটির কেবল মাটি কেটে 'বক্স' করে রেখে চলে যান। এরপর দীর্ঘ সময় পার হলেও ঠিকাদারের চরম অবহেলা ও উদাসীনতার কারণে মূল পাকাকরণের কাজ আর শুরু করা হয়নি। বর্তমানে পুরো সড়কটি যেন একটি খালে পরিণত হয়েছে।

সরেজমিনে দেখা যায়, সড়কটির বেহাল দশার কারণে বিনয়ঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ স্থানীয় বেশ কয়েকটি মসজিদ ও মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীদের যাতায়াত সম্পূর্ণ বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। ফলে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে ক্ষুদে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম। এছাড়াও সাধারণ পথচারী ও রোগীদের এই পথ দিয়ে যাতায়াত করতে গিয়ে পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ।

স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, "রাস্তাটির এই বেহাল দশা নিয়ে আমরা বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছি। কিন্তু আজ পর্যন্ত কোনো দৃশ্যমান বা যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়নি। কোনো উপায় না পেয়ে আজ আমরা বাধ্য হয়ে কাদামাখা রাস্তায় ধানের চারা রোপণ করে প্রতিবাদ জানিয়েছি।"

ভুক্তভোগী এলাকাবাসী ও সচেতন নাগরিক সমাজ জনস্বার্থে এবং কোমলমতি শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা বিবেচনা করে এই সড়কটির নির্মাণ কাজ দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করতে মাননীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সহ সংশ্লিষ্ট সকল ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি ও জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।