বাগেরহাটে জেলা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক যৌথ অভিযানে ৩১৫ পিস ইয়াবা ট্যাবলেট, ১৪০ পুরিয়া গাঁজা, ৪ লিটার চোলাই মদ, ৫৫টি চুরি এবং ৯০ হাজার টাকার জাল নোটসহ ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে বাগেরহাট জেলা পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বাগেরহাট সদর থানার পৌরসভার নাগেরবাজারসহ বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। বাগেরহাট জেলা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার যৌথ অভিযানে মাদক ব্যবসায়ী ও বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে এ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, নাগেরবাজার এলাকায় যৌথ অভিযান চালিয়ে মাদক ব্যবসা ও অন্যান্য অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৭ জন পুরুষ ও ১ জন নারীসহ মোট ৮ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩১৫ পিস ইয়াবা ট্যাবলেট, ১৪০ পুরিয়া গাঁজা, যার ওজন ২০০ গ্রাম, ৪ লিটার চোলাই মদ এবং অপরাধকাজে ব্যবহৃত ৫৫টি চুরি উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নাগেরবাজার এলাকার গণেশ রবি দাসের ছেলে বিষ্ণু রবি দাস, মৃত শ্যামল রবি দাসের ছেলে পল্টু রবি দাস, মৃত খোকন রবি দাসের ছেলে জয় রবি দাস, গোলাম কিবরিয়ার ছেলে মো. রিফাত, সাবেককডাঙ্গা এলাকার মুন্নারের ছেলে সিরাজ, শেখেরহাট এলাকার স্বপন মিত্রের ছেলে বিপ্লব মিত্র, কচুয়া পট্টি এলাকার মৃত সুজেন্দ্রনাথ সাহার ছেলে নিমাই সাহা এবং নাগেরবাজার পতিতালয় এলাকার শহর আলী শেখের ছেলে পলি।
অন্যদিকে, জেলা গোয়েন্দা শাখার পৃথক অভিযানে বাগেরহাট সদর থানাধীন খান জাহান আলী (রহ.) এর মাজার সংলগ্ন পুকুরপাড় থেকে ৯০ হাজার টাকার জাল নোটসহ আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত জাল নোটগুলো ১ হাজার টাকা মূল্যমানের।
এ ঘটনায় গ্রেপ্তার তিনজন হলেন আক্কাস ভূঁইয়া, বুড়িতলা এলাকার আঃ কুদ্দুস মোল্লার ছেলে আজিকুর রহমান মোল্লা এবং মো. বিল্লু ফকির।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে বাগেরহাট সদর মডেল থানায় পৃথক মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
আরও পড়ুন:







