যশোরের শার্শা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের সোনামুখী বিলের নিকটবর্তী 'এ এফ মৎস্য খামারে' ব্যাপক মাছের মৃত্যুর ঘটনায় গণমাধ্যমে প্রচারিত বক্তব্যের সাথে বাস্তব তথ্যের মিল পায়নি তদন্ত কমিটি। বিদ্যুৎ বিভ্রাটের কারণে মাছের মৃত্যু হয়েছে বলে খামার মালিক পক্ষ যে দাবি করেছিল, জেলা প্রশাসনের তদন্তে তার কোনো প্রমাণ পাওয়া যায়নি।
ঘটনার সঠিক তথ্য অনুসন্ধানে যশোর জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটি গত ২৫ আগস্ট ২০২৬ তারিখে ঘটনাস্থল পরিদর্শন করে। তদন্তে বিদ্যুৎ সরবরাহের রেকর্ড যাচাই, ক্ষতিগ্রস্থ জলাশয়ের পানির গুণাগুণ পরীক্ষা এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য গ্রহণ করা হয়।
তদন্তে জানা যায়, গত ২২ আগস্ট রাত ১টা ৪২ থেকে ২ টা ২৬ পর্যন্ত মাত্র ৪৪ মিনিট বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। এরআগে ও পরে বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ স্বাভাবিক ছিল। অথচ খামারে লোডশেডিংয়ের আগেই মাছ মারা যেতে থাকে। তদন্ত প্রতিবেদনে বলা হয়, মাছের মৃত্যুর পেছনে মূল কারণসমূহ হলো: অত্যধিক মাছের মজুদ ঘনত্ব এবং অতিরিক্ত উচ্চ আমিষ সমৃদ্ধ খাদ্যের প্রয়োগ। জৈব ও নাইট্রোজেনজাত বর্জ্যের চাপ এবং ফাইটোপ্ল্যাংকটনের অস্বাভাবিক আধিক্য। পানির pH, অ্যামোনিয়া ও দ্রবীভূত অক্সিজেনের মাত্রায় তীব্র অসামঞ্জস্য।
চাহিদার তুলনায় অপর্যাপ্ত এয়ারেশন ব্যবস্থা।
জরুরি পরিস্থিতিতে বিকল্প বিদ্যুৎ ব্যবস্থার অনুপস্থিতিসহ সামগ্রিক কারিগরি ও ব্যবস্থাপনাগত ত্রুটি।
বুধবার দুপুরে জেলা প্রশাসনের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, খামার মালিকপক্ষ বিশাল বিনিয়োগ ও ক্ষতির কথা দাবি করলেও জরুরি সময়ে পর্যাপ্ত এয়ারেশন সচল রাখার মতো বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা স্থাপনে তাদের অনাগ্রহ ও উদাসীনতা দেখা গেছে। সার্বিক তথ্যাদিতে এটি স্পষ্ট যে, বিদ্যুৎ বিভ্রাট নয় বরং অতিরিক্ত মাছের ঘনত্বের বিপরীতে অপর্যাপ্ত কারিগরি সক্ষমতা ও খামারের অভ্যন্তরীণ অব্যবস্থাপনাই এই বিপর্যয়ের প্রধান কারণ। জনস্বার্থে সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্য উপস্থাপনের লক্ষ্যে জেলা প্রশাসনের মিডিয়া সেল থেকে তথ্যের সঠিক যাচাই-বাছাই ও ফ্যাক্ট-চেকিং ব্যতীত কোনো ধরনের বিভ্রান্তিকর বা অতিরঞ্জিত সংবাদ প্রচার না করার জন্য আহ্বান জানানো হয়েছে।
প্রসঙ্গত, গত শুক্রবার দিবাগত রাত ১টার দিকে শার্শা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রায়পুর-সোনামুখো বিলে এ এফ মৎস্য খামারে মাছের মড়ক (ঘেরে অক্সিজেনের অভাবে মাছের মৃত্যু) শুরু হয়। শনিবার সকালে ঘেরের পানিতে বিপুলসংখ্যক মৃত মাছ ভেসে উঠতে দেখা যায়।
ঘেরমালিকদের ভাষ্য, দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় ঘেরে প্যাডেল হুইল এ্যারেটর মেশিন বা অক্সিজেন সরবরাহের যন্ত্র চালানো সম্ভব হয়নি। এর সঙ্গে বৈরী আবহাওয়া যোগ হওয়ায় পানিতে দ্রবীভূত অক্সিজেনের মাত্রা দ্রুত কমে যায়। কয়েক ঘণ্টার মধ্যেই বিপুলসংখ্যক মাছ মারা যায়। সোনামুখো বিলের ক্ষতিগ্রস্ত ঘেরটির মালিক এ এফ মৎস্য খামার। আলফাজুল হক ও ফারুক হোসেন যৌথভাবে প্রতিষ্ঠানটি গড়ে তুলেছিলেন। ঘেরমালিক গণমাধ্যমের কাছে দাবি করেন, এতে প্রায় সাড়ে ১৫ কোটি টাকার মাছের ক্ষতি হয়েছে।
আরও পড়ুন:







