বুধবার

২৬ আগস্ট, ২০২৬ ১১ ভাদ্র, ১৪৩৩

হবিগঞ্জে মোটরসাইকেল-টমটম সংঘর্ষে যুবক নিহত

শেখ বেলাল, হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৬ আগস্ট, ২০২৬ ১৪:০১

শেয়ার

হবিগঞ্জে মোটরসাইকেল-টমটম সংঘর্ষে যুবক নিহত
ছবি: সংগৃহীত

হবিগঞ্জে মোটরসাইকেল ও টমটমের মুখোমুখি সংঘর্ষে বিপ্লব দেব নামে এক যুবক নিহত হয়েছেন।

বুধবার সকাল ১০টার দিকে ধুলিয়াখাল-মিরপুর আঞ্চলিক সড়কের সুঘর সুপার ব্রিকফিল্ডের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত বিপ্লব দেব বাহুবল উপজেলার লামাতাসি ইউনিয়নের মোদাহারবাদ গ্রামের সমীর দেবের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিপ্লব মোটরসাইকেলে করে হবিগঞ্জ শহরের দিকে যাচ্ছিলেন।

পথে সুঘর সুপার ব্রিকফিল্ডের সামনে বিপরীত দিক থেকে আসা একটি টমটমের সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হবিগঞ্জ সদর মডেল থানার ওসি জাহিদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।