লালমনিরহাটের হাতীবান্ধায় বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে এক কৃষককে মারধরের অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যদের বিরুদ্ধে। এ সময় স্থানীয় কৃষকরা বিএসএফ সদস্যদের ধাওয়া দিলে তারা দুটি শটগান ও একটি ওয়াকিটকি ফেলে পালিয়ে যায়।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে উপজেলার গোতামারী ইউনিয়নের বনচৌকি সীমান্তের আমঝোল এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে বাংলাদেশের অভ্যন্তরে ফসলি জমিতে কাজ করতে যান কৃষক লিটন মিয়া (২৭)। এ সময় ভারতের ৭৮ বিএসএফ ব্যাটালিয়নের পাগলিমারি ক্যাম্পের সদস্যদের সঙ্গে তার কথাকাটাকাটি হয়। একপর্যায়ে বিএসএফ সদস্যরা তাকে মারধর করেন বলে অভিযোগ ওঠে।
এতে ক্ষুব্ধ হয়ে আশপাশে থাকা কৃষকরা বিএসএফ সদস্যদের ধাওয়া দিলে উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে বিএসএফ সদস্যরা দুটি শটগান ও একটি ওয়াকিটকি ফেলে পালিয়ে যান। পরে কৃষকরা এসব সরঞ্জাম বনচৌকি বিজিবি ক্যাম্পে জমা দেন।
ভুক্তভোগী কৃষক লিটন মিয়া বলেন, বিকেলে বাংলাদেশের অভ্যন্তরে ধানখেতে কাজ করতে গেলে বিএসএফ সদস্যরা এসে বাধা দেন। এর প্রতিবাদ করলে তারা তাকে মারধর করে ভারতের অভ্যন্তরে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে পাশের কৃষকরা এসে তাকে উদ্ধার করেন। বিএসএফ সদস্যদের মারধরে তার হাত ও পায়ে প্রচুর আঘাত লেগেছে বলেও জানান তিনি। এ ঘটনার বিচার দাবি করেন লিটন।
ঘটনাস্থল পরিদর্শন করেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম। তিনি বলেন, বিএসএফের সঙ্গে কথা হচ্ছে। এ ঘটনায় অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।
আরও পড়ুন:







