ব্রাহ্মণবাড়িয়ায় ইসলামিক সঙ্গীতচর্চা ও প্রশিক্ষণের সঙ্গে যুক্ত শিল্পী ও সদস্যদের অবদানের স্বীকৃতি দিতে ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত হয়েছে ‘গজল একাডেমি শিল্পী ও সদস্য অ্যাওয়ার্ড ২০২৬’ প্রদান অনুষ্ঠান।
সোমবার (২৪ আগস্ট) সন্ধ্যায় "ব্রাহ্মণবাড়িয়া মডেল মসজিদ"-এ গজল একাডেমির আয়োজনে বর্ণাঢ্য এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে একাডেমির অগ্রগতি ও ইসলামিক সঙ্গীতচর্চায় অবদান রাখা শিল্পী ও সদস্যদের সম্মাননা প্রদান করা হয়।
পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে নাশিদ পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে গজল একাডেমির শিল্পীরা মঞ্চে উঠে নিজেদের অনুভূতি ও অভিজ্ঞতা তুলে ধরেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ। বক্তব্যে তিনি গজল একাডেমির কার্যক্রমের প্রশংসা করেন এবং ইসলামিক সঙ্গীতচর্চা ও প্রশিক্ষণের মাধ্যমে তরুণ প্রজন্মকে ইতিবাচক সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে একাডেমির ভবিষ্যৎ কার্যক্রম আরও বিস্তৃত ও সমৃদ্ধ করার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনামূলক পরামর্শ দেন।
অনুষ্ঠানে পর্যায়ক্রমে অন্যান্য অতিথিরাও বক্তব্য রাখেন। তারা ইসলামিক সঙ্গীতের প্রসার, প্রতিভাবান শিল্পীদের বিকাশ এবং সুশৃঙ্খল সাংস্কৃতিক চর্চার গুরুত্ব তুলে ধরেন।
এবারের আয়োজনে ইসলামিক সঙ্গীতচর্চা ও প্রশিক্ষণ ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ সাতজন শিল্পী ও সদস্যকে সম্মাননা প্রদান করা হয়। সম্মাননাপ্রাপ্তরা হলেন, কাজী মাসকুর এলাহী, প্রতিষ্ঠাতা পরিচালক, গজল একাডেমি ও টিউন এ বি নাশিদ ব্যান্ড। আব্দুল মান্নান মিয়াজী, সহকারী পরিচালক, টিউন এ বি। এনাম বিন সাঈদ। আতাউর রহমান হামিদী। সাদউজ্জামান নূর। সাইফুল্লাহ বিন মাহমুদ। আনাস আব্দুল্লাহ।
সম্মাননা পাওয়ার পর শিল্পী ও সদস্যরা গজল একাডেমির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা ভবিষ্যতেও ইসলামিক সঙ্গীতের চর্চা, প্রশিক্ষণ ও প্রসারে নিজেদের আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত সুধীজন গজল একাডেমির এমন উদ্যোগের প্রশংসা করেন। তাদের মতে, শিল্পীদের কাজের স্বীকৃতি প্রদান নতুন প্রজন্মের শিল্পীদের উৎসাহিত করার পাশাপাশি ইসলামিক সঙ্গীতচর্চাকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
শিল্পী ও অতিথিদের বক্তব্য, নাশিদ পরিবেশনা এবং সম্মাননা প্রদানের মধ্য দিয়ে প্রাণবন্ত এ আয়োজনের সমাপ্তি ঘটে।
আরও পড়ুন:







