মঙ্গলবার

২৫ আগস্ট, ২০২৬ ১০ ভাদ্র, ১৪৩৩

লালমনিরহাট সীমান্তে বাংলাদেশে ঢুকে বিএসএফের ২ শর্টগান-ওয়াকিটকি ফেলে পালিয়ে গেলো বিএসএফ

রংপুর ব্যুরো

প্রকাশিত: ২৫ আগস্ট, ২০২৬ ২২:৩২

শেয়ার

লালমনিরহাট সীমান্তে বাংলাদেশে ঢুকে বিএসএফের ২ শর্টগান-ওয়াকিটকি ফেলে পালিয়ে গেলো বিএসএফ
ছবি: সংগৃহীত

লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে গরু চড়ানোকে কেন্দ্র করে স্থানীয়দের সঙ্গে বাকবিতণ্ডার একপর্যায়ে বাংলাদেশে প্রবেশ করে দুটি শর্টগান ও একটি ওয়াকিটকি সেট ফেলে ভারতের অভ্যন্তরে ফিরে যাওয়ার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের তিন সদস্যের বিরুদ্ধে।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর আনুমানিক ২টা ২০ মিনিটে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর বনচৌকি বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৯০৭/২-এসের কাছে কাঁটাতারবিহীন শূন্য লাইনে এ ঘটনা ঘটে।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, শূন্য লাইনে গরু চড়ানোকে কেন্দ্র করে স্থানীয় কয়েকজনের সঙ্গে ভারতের ৭৮ বিএসএফ ব্যাটালিয়নের পাগলীমারী ক্যাম্পের তিন সদস্যের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ওই বিএসএফ সদস্যরা বিজিবিকে অবগত না করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেন লোকজন কে মারধর করেন।

বিষয়টি তাৎক্ষণিকভাবে স্থানীয়রা বিজিবিকে জানালে আরও লোকজন ঘটনাস্থলে জড়ো হন। এ সময় বিএসএফের ওই তিন সদস্য দুটি শর্টগান ও একটি ওয়াকিটকি সেট ফেলে দ্রুত ভারতের অভ্যন্তরে চলে যান। পরে বিজিবির টহলদল ঘটনাস্থল থেকে অস্ত্র ও ওয়াকিটকি সেটগুলো উদ্ধার করে।

ঘটনার পর লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর অধিনায়ক ৭৮ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্টের কাছে ঘটনার কারণ জানতে চান এবং পতাকা বৈঠকের আহ্বান করেন।

পরে সন্ধ্যা ৬টা থেকে ৬টা ৫০ মিনিট পর্যন্ত সীমান্ত পিলার ৯০৭/৪-এসের কাছে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবির পক্ষ থেকে বিএসএফ সদস্যদের অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ এবং স্থানীয় নাগরিকদের সঙ্গে বাকবিতণ্ডার বিষয়টি কঠোরভাবে তুলে ধরা হয়।

জবাবে বিএসএফ কমান্ড্যান্ট এ ঘটনায় দুঃখ প্রকাশ করেন। ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর ঘটবে না এবং ঘটনায় জড়িত সদস্যদের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।

পরে উদ্ধার করা দুটি শর্টগান ও একটি ওয়াকিটকি সেট যথাযথ প্রক্রিয়ায় বিএসএফ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন বিজিবি।