মঙ্গলবার

২৫ আগস্ট, ২০২৬ ১০ ভাদ্র, ১৪৩৩

যুবলীগের ঝটিকা মিছিল ঠেকাতে ব্যর্থ, ফাঁড়ির ইনচার্জসহ সকল পুলিশ বদলি

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশিত: ২৫ আগস্ট, ২০২৬ ১৮:৫৮

আপডেট: ২৫ আগস্ট, ২০২৬ ১৮:৫৮

শেয়ার

যুবলীগের ঝটিকা মিছিল ঠেকাতে ব্যর্থ, ফাঁড়ির ইনচার্জসহ সকল পুলিশ বদলি
ছবি: সংগৃহীত

ময়মনসিংহে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ঝটিকা মিছিলের ঘটনায় পুলিশ ফাঁড়ির ইনচার্জসহ ২৭ কর্মকর্তা ও সদস্যকে একযোগে বদলি করা হয়েছে। সোমবার এক প্রজ্ঞাপনে নগরীর এক নং পুলিশ ফাঁড়ির ইনচার্জসহ সকল সদস্যকে বদলির আদেশ দেয়া হয়। এতে কার্যত ফাঁড়ির কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে।

সোমবার (২৪ আগস্ট) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. আব্দুল্লাহ আল মামুন।

তিনি জানান, এক নম্বর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহাবুব মিল্কী, চারজন উপপরিদর্শক (এসআই), পাঁচজন সহকারী উপপরিদর্শক (এএসআই) ও ১৭ জন কনস্টেবলসহ মোট ২৭ জনকে পৃথক অফিস আদেশে জনস্বার্থে বদলি করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে ফাঁড়িটিতে নতুন দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের পদায়ন করা হবে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২১ আগস্ট ময়মনসিংহ নগরীর গাঙ্গিনারপাড় এলাকায় যুবলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল বের করেন। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ওই কর্মসূচির ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে এক নং পুলিশ ফাঁড়ির ইনচার্জসহ সেখানে কর্মরত সবাইকে বদলি করা হয়েছে।

এদিকে, ওই মিছিলের পর থেকে গত চার দিনে পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২০ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে জেলা ছাত্রলীগের সহসভাপতি হিমন শেখ, যুবলীগ নেতা হামিদুর রহমান আকাশ, মাসুদ, সাংস্কৃতিক জোটের নেতা ফরহাদ, যুবলীগ নেতা ওবায়দুল হক ও তানভীর ওরফে লিমনসহ ২৯জন রয়েছেন।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম বলেন, ২১ আগস্ট নগরীতে যুবলীগের ঝটিকা মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা হয়েছে। মামলায় উপপরিদর্শক (এসআই) মাজহার বাদী হয়ে ৪৩ জনের নাম উল্লেখ করেছেন। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ২০ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।

ওসি আরও .বলেন, গত চার দিনে ওই মামলায় ২০ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।