মঙ্গলবার

২৫ আগস্ট, ২০২৬ ১০ ভাদ্র, ১৪৩৩

ভূঞাপুরে যমুনা নদী থেকে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা জরিমানা

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: ২৫ আগস্ট, ২০২৬ ১৫:৩১

শেয়ার

ভূঞাপুরে যমুনা নদী থেকে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা জরিমানা
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদী থেকে অনুমোদনহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে চার লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুর থেকে রাত ৮ টা পর্যন্ত নদীর বিভিন্ন পয়েন্টে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান।

এসময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে চাঁদপুর জেলার মতলব উপজেলার আক্তার হোসেনকে একলাখ টাকা এবং সিরাজগঞ্জের শাহজাদপুরের রাসেল, বরিশালের বানারিপাড়ার জামাল, উজিরপুরের গিয়াস , বরগুনা সদরের রিয়াজুল, বাদল ও পিরোজপুরের ভান্ডারিয়ার মনির হোসেন প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান জানান, অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের অভিযোগে উপজেলার যমুনা নদীতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোবাইল কোর্টের মাধ্যমে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৭ ব্যক্তিকে চার লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

মোবাইল কোর্ট পরিচালনাকালে ভূঞাপুর থানার এসআই রুবেল, নৌ পুলিশের এসআই আবুল কালাম আজাদ ও তাদের সঙ্গীয় ফোর্স, গ্রাম পুলিশের সদস্যবৃন্দ এবং সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।