মঙ্গলবার

২৫ আগস্ট, ২০২৬ ১০ ভাদ্র, ১৪৩৩

দিরাইয়ে ১,৩০৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

দিরাই প্রতিনিধি:

প্রকাশিত: ২৫ আগস্ট, ২০২৬ ১৪:৩৯

শেয়ার

দিরাইয়ে ১,৩০৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
ছবি সংগৃহীত

সুনামগঞ্জের দিরাই উপজেলার শ্যামারচর এলাকা থেকে ১,৩০৫ পিস ইয়াবাসহ শীষ আহমেদ (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে দিরাই থানা পুলিশ।

সোমবার (২৪ আগস্ট) রাত ১০টার দিকে শ্যামারচর এলাকার খালপাড় হাটি ব্রিজের ওপর ইয়াবা ক্রয়-বিক্রয়ের সময় শ্যামারচর মাদক নির্মূল কমিটির সদস্যরা তাকে আটক করেন। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, খবর পেয়ে দিরাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শীষ আহমেদের হেফাজত থেকে সাতটি জিপারের ভেতরে রাখা ১,৩০৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। জব্দকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৭ লাখ ৫২ হাজার ৫০০ টাকা।

গ্রেপ্তার শীষ আহমেদ সুনামগঞ্জের শাল্লা উপজেলার দৌলতপুর গ্রামের মৃত আশরাফ উদ্দিনের ছেলে।

শ্যামারচর মাদকবিরোধী ঐক্যের অন্যতম সমন্বয়কারী তোফায়েল আহমেদ বলেন, তাদের এলাকায় মাদকের বিরুদ্ধে স্থানীয় যুবকরা কাজ করছেন। ইতোমধ্যে কয়েকজনকে মাদকসহ আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। যুব সমাজ রক্ষায় মাদকের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলেও তিনি জানান।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তার শীষ আহমেদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। বিধি অনুযায়ী তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।