মঙ্গলবার

২৫ আগস্ট, ২০২৬ ১০ ভাদ্র, ১৪৩৩

মাদকবিরোধী সমাবেশে বক্তব্য দিতে গিয়ে অধ্যক্ষের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ আগস্ট, ২০২৬ ১৩:২৬

শেয়ার

মাদকবিরোধী সমাবেশে বক্তব্য দিতে গিয়ে অধ্যক্ষের মৃত্যু

কুমিল্লার লালমাইয়ে মাদকবিরোধী সমাবেশে বক্তব্য দেয়ার সময় অসুস্থ হয়ে মারা গেছেন সুরুজ মেমোরিয়াল হাইস্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মালেক।

সোমবার বিকেলে উপজেলার বেলঘর দারুচ্ছুন্নাত ইসলামিয়া দাখিল মাদ্রাসার মিলনায়তনে আয়োজিত মাদকবিরোধী সমাবেশে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহতের স্ত্রীর বড় ভাই হারুনুর রশীদ মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মাদক নির্মূলে জনসচেতনতা তৈরির লক্ষ্যে প্রশাসনের উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়। এতে স্থানীয় রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।

সমাবেশে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের পক্ষ থেকে বক্তব্য দিতে দাঁড়ান অধ্যক্ষ আব্দুল মালেক। বক্তব্য শুরুর প্রায় তিন মিনিটের মধ্যেই হঠাৎ জ্ঞান হারিয়ে টেবিলের ওপর পড়ে যান তিনি।

পরে উপস্থিত প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক ও স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

সমাবেশে উপস্থিত এক সাংবাদিক জানান, বক্তব্য দেওয়ার কয়েক মিনিটের মধ্যেই আকস্মিকভাবে অসুস্থ হয়ে পড়ে যান অধ্যক্ষ আব্দুল মালেক। তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে নেয়া হলেও শেষ পর্যন্ত তার জীবন রক্ষা করা সম্ভব হয়নি।