চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সভাপতি ও সাধারণ সম্পাদক স্ব-স্ব পদ থেকে পদত্যাগ চেয়ে জেলা বিএনপির সভাপতি বরাবর অব্যাহতির আবেদনপত্র জমা দিয়েছেন। ব্যক্তিগত, বয়সজনিত ও শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে জেলা বিএনপি সভাপতির কাছে এই পদত্যাগপত্র দাখিল করা হয়।
দলীয় সূত্রে জানা যায়, পদত্যাগকারী দুই নেতা হলেন উথলী ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ সেলিম রেজা (পিতা: মৃত শামছুদ্দিন বিশ্বাস, গ্রাম: সন্তোষপুর) এবং সাধারণ সম্পাদক মোঃ মেজবাহ উদ্দিন (জাহিদ) (পিতা: মৃত শফিউল ইসলাম, গ্রাম: উথলী)।
অব্যাহতি পত্রে ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সেলিম রেজা উল্লেখ করেন, তিনি দীর্ঘ ১৮ বছর ধরে উথলী ইউনিয়ন বিএনপি’র সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এর আগে তিনি বৃহত্তর উথলী ইউনিয়নের সাধারণ সম্পাদক এবং ছাত্রদল ও যুবদলের সভাপতি হিসেবেও সততার সঙ্গে দায়িত্ব পালন করেন। দলটির জন্মলগ্ন থেকে প্রায় ৪৩ বছর ধরে বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থেকে তিনি দায়িত্ব সামলেছেন। তবে বর্তমানে তীব্র শারীরিক অসুস্থতার কারণে দলীয় কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করা সম্ভব না হওয়ায় তিনি সভাপতির পদ থেকে অব্যাহতির আবেদন জানিয়েছেন। অবশ্য ভবিষ্যতে সাধারণ কর্মী হিসেবে দলের পাশে থাকার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।
অন্যদিকে, সাধারণ সম্পাদক মোঃ মেজবাহ উদ্দিন (জাহিদ) তাঁর আবেদনে জানান, তিনি দীর্ঘদিন উথলী ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি এবং পরবর্তীতে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন। তবে বয়স বৃদ্ধি ও নানা ধরনের শারীরিক সমস্যার কারণে যথাযথভাবে দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না। ফলে তিনিও পদ থেকে অব্যাহতি চেয়ে একজন সাধারণ কর্মী হিসেবে দলে যুক্ত থাকার অনুরোধ জানিয়েছেন।
উভয় নেতাই তাঁদের শারীরিক অবস্থা ও বয়স বিবেচনা করে স্বপদ থেকে অব্যাহতি দেয়ার জন্য জেলা বিএনপি’র ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।
এ বিষয়ে জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খাঁন খোকন ও সাধারণ সম্পাদক শাহাজান আলী জানান, তাঁদের অব্যহতি পত্র পাওয়া গেছে এবং তা গ্রহণ করা হয়েছে। নিয়ম অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণপূর্বক তাঁদের সাময়িক অব্যাহতি প্রদান করা হয়েছে।
আরও পড়ুন:








