যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন ও মারধরের মামলায় মো. আরমান হোছাইনকে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা করেছেন রাঙামাটির নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।
রোববার (২৩ আগস্ট ) ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ মাহাবুবুর রহমান এ রায় ঘোষণা করেন। মামলাটি নারী ও শিশু মামলা নং-৬৬/২৩। এতে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ১১(গ)/৩০ ধারায় অভিযোগ আনা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৭ সালে মিনুয়ারা আক্তারের সঙ্গে আরমান হোছাইনের বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে স্ত্রীকে চাপ দেওয়া হলে তিনি কয়েক দফায় বাবার কাছ থেকে টাকা এনে দেন। পরে স্বামী বিদেশ যাওয়ার কথা বলে আরও ২ লাখ টাকা দাবি করেন। টাকা দিতে না পারায় তাঁকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়।
২০২৩ সালের ১২ জুন পুনরায় যৌতুকের টাকা দাবি করে স্ত্রীকে মারধরের অভিযোগে মামলা করা হয়। আদালতে বাদিনীসহ পাঁচজন সাক্ষীর সাক্ষ্য ও প্রমাণ গ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামিকে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা করেন।
রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মাকসুদা হক বলেন, যৌতুকের মতো সামাজিক অপরাধের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ কঠোর অবস্থানে রয়েছে। সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতেই আদালত আসামিকে সাজা দিয়েছেন।
আরও পড়ুন:








