চাকরি নিয়মিতকরণ, আদালতের রায় বাস্তবায়ন এবং আউটসোর্সিং প্রথা বিলুপ্ত করে রাজস্ব খাতে নিয়োগের দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন গণপূর্ত কর্মচারীরা।
সোমবার (২৪ আগস্ট) বেলা ১১টার দিকে ঝালকাঠি গণপূর্ত ভবন চত্বরে বাংলাদেশ গণপূর্ত কর্মচারী ইউনিয়ন, ঝালকাঠি জেলা কমিটির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, গণপূর্ত অধিদপ্তরের বিভিন্ন শাখায় দীর্ঘদিন ধরে দৈনিক ভিত্তিক ও ভাউচারভিত্তিক কর্মচারীরা কাজ করছেন। দীর্ঘদিন চাকরি করার পরও তাঁরা চাকরি নিয়মিতকরণসহ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। এ অবস্থায় চাকরি নিয়মিতকরণ এবং এ-সংক্রান্ত আদালতের রায় দ্রুত বাস্তবায়নের দাবি জানান তাঁরা।
বক্তারা আরও বলেন, আউটসোর্সিংয়ের মাধ্যমে ঠিকাদারি প্রতিষ্ঠানের অধীনে কর্মচারী নিয়োগের প্রথা বিলুপ্ত করতে হবে। এর পরিবর্তে গণপূর্ত অধিদপ্তরের মাধ্যমে সরাসরি নিয়োগ দিয়ে কর্মচারীদের রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করতে হবে।
কর্মসূচিতে মো. নুর আলম, আব্দুল বারেক, আনোয়ার হোসেন, মো. রফিকুল ইসলাম, বিউটি বেগম ও তাসনুবা আক্তারসহ সংগঠনের নেতারা বক্তব্য দেন।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে এলেও তাঁদের সমস্যার স্থায়ী সমাধান হয়নি। দ্রুত দাবি বাস্তবায়ন করা না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে তাঁরা হুঁশিয়ারি দেন।
পরে সংগঠনের নেতাদের নেতৃত্বে গণপূর্ত ভবন চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে জেলা কমিটির নেতাকর্মী ও গণপূর্ত অধিদপ্তরের বিভিন্ন শাখার কর্মচারীরা অংশ নেন।
আরও পড়ুন:







