লক্ষ্মীপুরের রায়পুরে সেনাবাহিনীর সদস্য পরিচয়ে বিভিন্ন গাড়ি ও মোটরসাইকেল থামিয়ে টাকা দাবির অভিযোগে দুই ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। সোমবার বিকেল ৪টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের বাসাবাড়ি বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—মো. শাকিল হাওলাদার ও সবুজ মিয়া।
স্থানীয়রা জানান, ওই দুই ব্যক্তি নিজেদের সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়ে বিভিন্ন গাড়ি ও মোটরসাইকেল থামিয়ে টাকা দাবি করছিলেন। বিষয়টি স্থানীয়দের সন্দেহ হলে তারা দুজনকে আটক করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে যায়।
এ সময় তাদের কাছ থেকে নগদ ৩৩ হাজার ৫০০ টাকা, দুটি ওয়াকিটকি ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, স্থানীয়দের মাধ্যমে দুই ব্যক্তিকে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে। তাদের কাছ থেকে টাকা, ওয়াকিটকি ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। তারা সেনাবাহিনীর সদস্য কি না এবং কী উদ্দেশ্যে সেনাসদস্যের পরিচয় ব্যবহার করছিলেন, তা যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্ত শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন:







