ঢাকা বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিয়া মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনকালে উপসহকারী ভূমি কর্মকর্তা (নায়েব) কামরুল ইসলামের বিরুদ্ধে ওঠা ঘুষ ও অনিয়মের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় তাকে সাময়িক বরখাস্তের নির্দেশ দিয়েছেন।
সোমবার (২৪ আগস্ট) সকালে বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিয়া সিংগাইর উপজেলা পরিষদ পরিদর্শনে আসেন। পরিদর্শন কর্মসূচির অংশ হিসেবে তিনি জয়মন্টপ ইউনিয়ন ভূমি অফিসে যান। এ সময় সেবা নিতে আসা কয়েকজন নারী-পুরুষ নায়েব কামরুল ইসলামের বিরুদ্ধে ঘুষ গ্রহণ ও বিভিন্ন অনিয়মের অভিযোগ করেন।
সেবা গ্রহীতারা অভিযোগ করেন, ঘুষ ছাড়া ভূমি অফিসে কোনো কাজ করা যায় না। তারা নায়েবের বিরুদ্ধে ঘুষ গ্রহণের বিভিন্ন ভিডিও ফুটেজ ও তথ্য-প্রমাণও বিভাগীয় কমিশনারের কাছে উপস্থাপন করেন।
অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর বিভাগীয় কমিশনার তাৎক্ষণিকভাবে জয়মন্টপ ইউনিয়ন ভূমি অফিসের নায়েব কামরুল ইসলামকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেন।
এ সময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আলী, সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুন্নাহার, সহকারী কমিশনার (ভূমি) হাবেল উদ্দিনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
আরও পড়ুন:







