সোমবার

২৪ আগস্ট, ২০২৬ ৯ ভাদ্র, ১৪৩৩

গাইবান্ধায় বিক্রয়কর্মীদের দক্ষতা উন্নয়নে সমন্বিত জরিপ শুরু

সুদীপ্ত শামীম, গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশিত: ২৪ আগস্ট, ২০২৬ ১৮:১০

শেয়ার

গাইবান্ধায় বিক্রয়কর্মীদের দক্ষতা উন্নয়নে সমন্বিত জরিপ শুরু
ছবি: সংগৃহীত

গাইবান্ধা জেলা শহরের বিভিন্ন শপিং মল, মার্কেট ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে কর্মরত বিক্রয়কর্মীদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে সমন্বিত জরিপ কার্যক্রম শুরু হয়েছে।

সোমবার শহরের সালিমার সুপার মার্কেটে জরিপ কার্যক্রমের উদ্বোধন করেন গাইবান্ধা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সামিউল হুদা সুমেল।

এ সময় চেম্বারের পরিচালক মো. আবুল হোসেন মৃধা সোহাগ, আলী কাওসার বাবুল, আবু তাহের সদরুল আমীন, চেম্বার সচিব জিয়াউল হক কামাল, সৃজনশীল গাইবান্ধা ফাউন্ডেশনের সভাপতি মো. মেহেদী হাসানসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের মালিক ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

গাইবান্ধা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও সৃজনশীল গাইবান্ধা ফাউন্ডেশনের উদ্যোগে পরিচালিত এ জরিপে শহরের বিক্রয়কর্মীদের দক্ষতা, অভিজ্ঞতা, কর্মপরিবেশ, প্রয়োজনীয় দক্ষতা ও প্রশিক্ষণের চাহিদা সম্পর্কে তথ্য সংগ্রহ করা হচ্ছে।

জরিপে ১৫ জন জরিপকারী অংশ নিচ্ছেন। তাঁরা বিভিন্ন শপিং মল ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে সরেজমিনে গিয়ে বিক্রয়কর্মীদের সঙ্গে কথা বলে নির্ধারিত প্রশ্নমালার মাধ্যমে তথ্য সংগ্রহ করবেন।

আয়োজকরা জানান, জরিপের তথ্য বিশ্লেষণের মাধ্যমে বিক্রয়কর্মীদের দক্ষতা উন্নয়নের প্রয়োজনীয় ক্ষেত্র ও প্রশিক্ষণের অগ্রাধিকার নির্ধারণ করা হবে। পাশাপাশি ভবিষ্যতে কার্যকর প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধিমূলক কর্মসূচি গ্রহণেও এ তথ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আয়োজকদের প্রত্যাশা, এ উদ্যোগের মাধ্যমে বিক্রয়কর্মীদের পেশাগত দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি ক্রেতাসেবা, যোগাযোগ দক্ষতা এবং কর্মপরিবেশের উন্নয়নেও ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে।



banner close
banner close