সোমবার

২৪ আগস্ট, ২০২৬ ৯ ভাদ্র, ১৪৩৩

ফার্মেসিতে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ পল্লী চিকিৎসকের বিরুদ্ধে

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:

প্রকাশিত: ২৪ আগস্ট, ২০২৬ ১৫:৫৩

শেয়ার

ফার্মেসিতে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ পল্লী চিকিৎসকের বিরুদ্ধে
ছবি সংগৃহীত

মানিকগঞ্জের সিংগাইর পৌর বাজারের একটি ফার্মেসির চিকিৎসাকক্ষে এক পল্লী চিকিৎসকের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আইনগত বা সাংগঠনিক ব্যবস্থা না নিয়ে দুর্গাপূজার চাঁদা আদায়ের শর্তে বিষয়টি ধামাচাপা দেওয়ার অভিযোগও উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৫ আগস্ট সন্ধ্যায় পৌর বাজারের রাজলক্ষ্মী ফার্মেসির চিকিৎসাকক্ষে মালিক ও পল্লী চিকিৎসক সনজিৎ কুমার সাহা (৭০)-কে এক নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় কয়েকজন তাকে হাতেনাতে আটক করেন। পরে উপস্থিত কয়েকজন ব্যক্তি কৌশলে ওই নারীকে ঘটনাস্থল থেকে সরিয়ে দেন।

প্রথমদিকে ঘটনাটি গোপন রাখার চেষ্টা করা হলেও পরে বিষয়টি স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়ে। অভিযোগ রয়েছে, বাজার কমিটি কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে না জানিয়ে দুর্গাপূজার জন্য মোটা অঙ্কের চাঁদা আদায়ের মৌখিক শর্তে ঘটনাটি মীমাংসার চেষ্টা করা হয়।

অভিযুক্ত সনজিৎ কুমার সাহা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, স্থানীয় কয়েকজন ব্যক্তি পূজার চাঁদা দেওয়ার শর্তে বিষয়টির নিষ্পত্তি করে তাকে ছেড়ে দিয়েছেন।

সিংগাইর পৌর বাজারের ব্যবসায়ী ও ডক্টরস চেম্বারের স্বত্বাধিকারী মো. জামাল হোসেন বলেন, ফার্মেসির মতো একটি সংবেদনশীল স্থানে এমন ঘটনা অত্যন্ত নিন্দনীয়। বিষয়টি স্থানীয়ভাবে ধামাচাপা না দিয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া উচিত।

এ বিষয়ে সিংগাইর বাজার বণিক সমিতির সভাপতি আতাউল হক মাস্টার বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। বাজার কমিটির পক্ষ থেকে বৈঠক ডেকে অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।



banner close
banner close