সোমবার

২৪ আগস্ট, ২০২৬ ৯ ভাদ্র, ১৪৩৩

কুমিল্লায় মাদকদ্রব্যসহ ভারতীয় যুবক গ্রেপ্তার

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: ২৪ আগস্ট, ২০২৬ ১৪:৪০

শেয়ার

কুমিল্লায় মাদকদ্রব্যসহ ভারতীয় যুবক গ্রেপ্তার
ছবি: বাংলা এডিশন

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অভিযোগে এক ভারতীয় যুবককে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার ভোর আনুমানিক ৫টার দিকে উপজেলার সদর ইউনিয়নের নাইঘর ভাঙা ব্রিজসংলগ্ন হরিমঙ্গল-ব্রাহ্মণপাড়া সড়ক থেকে দীপ রুদ্র পাল (২৩) নামের ওই যুবককে গ্রেপ্তার করা হয়। তিনি ভারতের ত্রিপুরা রাজ্যের পশ্চিম ত্রিপুরা জেলার এডিনগর এলাকার মৃত দিলীপ রুদ্র পালের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোরে ব্রাহ্মণপাড়া থানার একটি দল নাইঘর ভাঙা ব্রিজ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহজনকভাবে চলাফেরা করায় দীপ রুদ্র পালকে আটক করে পুলিশ। পরে তার দেহ তল্লাশি করে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, দীপ রুদ্র পাল ভারত থেকে ইয়াবা নিয়ে বাংলাদেশে প্রবেশ করেছিলেন। তাকে সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তর থেকে গ্রেপ্তার করা হয়েছে।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানান, ইয়াবাসহ গ্রেপ্তার ভারতীয় নাগরিক দীপ রুদ্র পালের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

পরে রবিবার দুপুরে তাকে আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।



banner close
banner close