নাটোরের গুরুদাসপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে কোডিন ফসফেটযুক্ত অবৈধ মাদকদ্রব্য এসকাফের ৭৪ বোতলসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৩ আগস্ট) রাত ২টা ১০ মিনিট থেকে রাত ৩টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গুরুদাসপুর থানাধীন কাছিকাটা টোলপ্লাজার পশ্চিম পাশে পাকা সড়কের উত্তর পাশে জনৈক সাইদুল ইসলামের বাড়ির সামনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বালিয়া দিঘী গ্রামের নাদিরা বেগম (৪২) ও তানজিলা বেগম (৪০) নামের দুই নারীকে আটক করা হয়।
গ্রেপ্তার নাদিরা বেগমের পরিহিত কাপড়ের বিশেষ কায়দায় তৈরি পকেট থেকে ১০০ মিলিলিটারের ৪০ বোতল এসকাফ উদ্ধার করা হয়। যার মোট পরিমাণ ৪ লিটার। অপর গ্রেপ্তার তানজিলা বেগমের কাছ থেকে একই ধরনের ৩৪ বোতল এসকাফ উদ্ধার করা হয়, যার পরিমাণ ৩ দশমিক ৪ লিটার।
পুলিশের হিসাব অনুযায়ী, দুই নারীর কাছ থেকে সর্বমোট ৭৪ বোতল এসকাফ উদ্ধার করা হয়েছে। যার মোট পরিমাণ ৭ দশমিক ৪ লিটার। এ ছাড়া তাদের নামীয় একটি বাসের যাত্রী টিকিটও জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার দুজনই চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার শাহাবাজপুর ইউনিয়নের বালিয়া দিঘী এলাকার বাসিন্দা।
এ ঘটনায় গুরুদাসপুর থানার পরিদর্শক সবুজ চন্দ্র দেবনাথ বাদী হয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরও পড়ুন:








