বৃহস্পতিবার

২৭ আগস্ট, ২০২৬ ১২ ভাদ্র, ১৪৩৩

কসবায় ‘শয়তানের নিঃশ্বাস’ ব্যবহার করে সিএনজি চালক হত্যা: কুমিল্লায় র‍্যাবের হাতে দুইজন গ্রেপ্তার

মোছাব্বির হাসান সজীব, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ২৩ আগস্ট, ২০২৬ ২০:৩৯

আপডেট: ২৩ আগস্ট, ২০২৬ ২১:১৭

শেয়ার

কসবায় ‘শয়তানের নিঃশ্বাস’ ব্যবহার করে সিএনজি চালক হত্যা: কুমিল্লায় র‍্যাবের হাতে দুইজন গ্রেপ্তার
ছবি: বাংলা এডিশন

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ‘শয়তানের নিঃশ্বাস’ নামের চেতনা নাশক ব্যবহার করে এক সিএনজি চালককে হত্যার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। র‍্যাব-৯ ও র‍্যাব-১১-এর যৌথ অভিযানে কুমিল্লার দেবিদ্বার ও কোতোয়ালি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

র‍্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিহত হোসেন মিয়া ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার চান্দলা এলাকার বাসিন্দা এবং পেশায় সিএনজি চালক ছিলেন। গত ২৫ মে ২০২৬ সকালে সিএনজি নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর তিনি আর ফিরে আসেননি। দীর্ঘ সময় অপেক্ষার পর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে কসবা থানায় সাধারণ ডায়েরি করেন।

এর তিন দিন পর, ২৮ মে বিকেলে স্থানীয়দের মাধ্যমে পরিবারের সদস্যরা জানতে পারেন, কসবা থানাধীন টি. আলী মোড় সংলগ্ন একটি পুকুরে অর্ধগলিত অবস্থায় একটি মরদেহ পড়ে রয়েছে। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি হোসেন মিয়ার বলে শনাক্ত করেন স্বজনরা।

পরিবারের অভিযোগ ছিল, অজ্ঞাত ব্যক্তিরা সিএনজি, নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে হোসেন মিয়াকে হত্যা করে মরদেহটি পুকুরে ফেলে যায়। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে কসবা থানায় একটি হত্যা মামলা করেন।

মামলার পর আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে ছায়া তদন্ত শুরু করে র‍্যাব-৯। পাশাপাশি গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া ও র‍্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার একটি যৌথ দল ২৩ আগস্ট রাত ১টার দিকে কুমিল্লার দেবিদ্বার থানার বাগুরা এলাকায় অভিযান চালায়। একই রাতে আনুমানিক ১:৫০ মিনিটে কুমিল্লা কোতোয়ালি থানার নিশ্চিন্তপুর এলাকায়ও অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে কসবা থানার মামলা নং-০৩, তারিখ ২ জুন ২০২৬, ধারা ৩০২/৩৯৪/৩৪, পেনাল কোড ১৮৬০-এর তদন্তে প্রাপ্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, মো. আবুল বাশার (৪৪), পিতা মো. শহিদুল ইসলাম, সাং- দুয়ারিয়া, থানা- দেবিদ্বার, কুমিল্লা এবং নাজমুন নাহার লাভলী (২৮), পিতা মৃত রফিক মিয়া, সাং- সংরাইশ, থানা কোতোয়ালি, কুমিল্লা।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা স্বীকার করেছেন বলে দাবি করা হয়েছে যে, তারা ও অন্য সহযোগীরা ‘শয়তানের নিঃশ্বাস’ নামের চেতনা নাশক ব্যবহার করে সিএনজি চালককে হত্যা করে তার সিএনজি অটোরিক্সা ছিনিয়ে নেয়।

র‍্যাব আরও জানায়, একই মামলায় তদন্তে প্রাপ্ত আরও একজনকে গত ৪ আগস্ট গ্রেপ্তার করা হয়েছিল।

গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে র‍্যাবের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

উল্লেখ্য, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আনা অভিযোগ ও প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য তদন্তসাপেক্ষ আদালতে প্রমাণিত না হওয়া পর্যন্ত তারা আইনগতভাবে নির্দোষ হিসেবে গণ্য হবেন।