বৃহস্পতিবার

২৭ আগস্ট, ২০২৬ ১২ ভাদ্র, ১৪৩৩

সাপাহারে অবৈধ ইটভাটায় অভিযান, এক লাখ টাকা জরিমানা

শহিদুল ইসলাম, রাজশাহী ব্যুরো প্রধান

প্রকাশিত: ২৩ আগস্ট, ২০২৬ ১৯:০৬

শেয়ার

সাপাহারে অবৈধ ইটভাটায় অভিযান, এক লাখ টাকা জরিমানা
ছবি: বাংলা এডিশন

নওগাঁর সাপাহারে যথাযথ কাগজপত্র ছাড়াই নির্মাণাধীন একটি অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার কলমুডাঙ্গা এলাকায় পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নওগাঁ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মো. রাশেদ।

অভিযানকালে যথাযথ কাগজপত্র ছাড়াই নির্মাণাধীন ‘মেসার্স স্টার ব্রিকস’ নামের ইটভাটার কার্যক্রমের প্রমাণ পাওয়া যায়। পরে ইটভাটা কর্তৃপক্ষের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে ১ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে জরিমানার অর্থ আদায় করা হয়।

এ ছাড়া প্রয়োজনীয় কাগজপত্র না পাওয়া পর্যন্ত ইটভাটাটির নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। এ বিষয়ে ভাটা কর্তৃপক্ষের কাছ থেকে মুচলেকাও নেওয়া হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন। অভিযানে নিরাপত্তার দায়িত্বে ছিল ব্যাটালিয়ন আনসার, নওগাঁর একটি চৌকস দল।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ সুরক্ষা ও দূষণ নিয়ন্ত্রণে জেলার অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।