এসএসসি ২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও উপহার সামগ্রী প্রদান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, শার্শা উপজেলা শাখা। রবিবার সকালে শার্শা উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১২৯ জন কৃতী শিক্ষার্থীর হাতে সম্মাননা ও উপহার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮৫ যশোর-১ শার্শা আসনের সংসদ সদস্য মাওলানা আজীজুর রহমান এমপি।
প্রধান অতিথির বক্তব্যে এমপি আজীজুর রহমান বলেন, "যারা শিবির করে তারা মেধাবী, সমাজের ভালো, ভদ্র ও উত্তম চরিত্রের অধিকারী হয়। ইসলামী ছাত্রশিবির একটি কল্যাণকর সংগঠনের নাম। এই উপজেলার সেরা ও মেধাবী ছাত্র-ছাত্রীরাই আমাদের আগামীর ভবিষ্যৎ। আল্লাহ যেন এই সকল ছেলে-মেয়েদের কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের তৌফিক দান করেন।"
তিনি আরও বলেন, "ছাত্রশিবির এমন এক সংগঠন যেখানে মেধার বিকাশ ঘটে, উত্তম চরিত্রের অধিকারী হওয়া যায় এবং সেরা ছাত্র হিসেবে নিজেকে গড়ে তোলা যায়। আমার জীবনের অভিজ্ঞতা থেকে দেখেছি, যারা শিবিরের রাজনীতির সাথে যুক্ত তারা সমাজে ভালো ও ভদ্র ছেলে হিসেবে পরিচিতি লাভ করে। দেশকে এগিয়ে নিতে মেধা, দক্ষতা ও দেশপ্রেমিক নাগরিক তৈরিতে শিবিরের অসাধারণ ভূমিকা অব্যাহত থাকবে বলে আমি প্রত্যাশা করি।"
শার্শা উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি হাদিউজ্জামানের সভাপতিত্বে ও মেহেদী হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিবির সভাপতি আবু ইউসুফ আলী।
প্রধান বক্তা নৈতিক শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, "শুধু দক্ষ হলেই চলবে না, এর সাথে নৈতিকতাও শিখতে হবে। তা না হলে সচিব, কানাডা প্রবাসী কিংবা ঐশীর মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা ও সামাজিক অবক্ষয় দেখতে হবে। তাই আমাদের সকলকেই দক্ষতা ও নৈতিক শিক্ষার সমন্বয় ঘটিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। ইসলামী ছাত্রশিবির প্রতিনিয়ত দেশপ্রেমিক, দক্ষ ও নীতিবান নাগরিক গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।"
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির যশোর জেলা পশ্চিম শাখার সভাপতি ইসমাইল হোসাইন, শার্শা উপজেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ ফারুক হাসান, নায়েবে আমির ইঞ্জিনিয়ার তৈয়েবুর রহমান জাহাঙ্গীর, শার্শা উপজেলা কলেজের প্রিন্সিপাল। এছাড়া জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের থানা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অনুভূতি প্রকাশ করতে গিয়ে কৃতী সাঈদ অাল সাহাফ নামে এক শিক্ষার্থী বলেন, "ইতিপূর্বে এতো সুন্দর ও চমৎকার আয়োজন আর কোনো সংগঠন করেনি। নিজেদের মেধার এমন মূল্যায়নে আজ আমরা খুবই আনন্দিত। সুন্দর এ আয়োজনের জন্য আমরা শার্শা উপজেলা ইসলামী ছাত্রশিবিরকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।"
আরও পড়ুন:







