বৃহস্পতিবার

২৭ আগস্ট, ২০২৬ ১২ ভাদ্র, ১৪৩৩

কৃষক সানোয়ার হত্যা মামলায় নারীসহ ৬ জনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ আগস্ট, ২০২৬ ১৮:২১

শেয়ার

কৃষক সানোয়ার হত্যা মামলায় নারীসহ ৬ জনের যাবজ্জীবন
ছবি সংগৃহীত

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কৃষক সানোয়ার হোসেন হত্যা মামলায় এক নারীসহ ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

রবিবার (২৩ আগস্ট) দুপুরে জেলা ও দায়রা জজ মো. ইকবাল হোসেন আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন সলঙ্গা থানার চর বেড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে মানিক হোসেন ওরফে হীরা, একই গ্রামের আমজাদ হোসেনের ছেলে মাহমুদুল হাসান নয়ন, ইসমাইল হোসেনের ছেলে রুবেল মিয়া, সোলায়মান হোসেনের ছেলে শরিফুল ইসলাম, চর গোজা গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী রাবেয়া খাতুন এবং রামারচর গ্রামের মোন্নাফ হোসেনের ছেলে শাহাদত হোসেন।

আদালতের পিপি অ্যাডভোকেট রফিক সরকার জানান, চর গোজা গ্রামের কৃষক সানোয়ার হোসেনের সঙ্গে পার্শ্ববর্তী চর বেড়া গ্রামের মানিক হোসেন ওরফে হীরার বন্ধুত্ব ছিল। সেই সুবাদে সানোয়ার হোসেনের কাছ থেকে ২ লাখ ২০ হাজার টাকা ধার নেন হীরা।

একপর্যায়ে পাওনা টাকা ফেরতের জন্য হীরাকে চাপ দিতে থাকেন সানোয়ার হোসেন। এ নিয়ে দুজনের মধ্যে বিরোধ চলছিল। এরই মধ্যে ২০২০ সালের ৮ জুলাই সন্ধ্যায় সানোয়ার হোসেনকে মোবাইল ফোনে কল করে ডেকে নিয়ে যান হীরা। এরপর থেকে নিখোঁজ ছিলেন সানোয়ার।

চার দিন পর, ১২ জুলাই সকালে উল্লাপাড়া উপজেলার সূর্য নদী থেকে সানোয়ার হোসেনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের স্ত্রী সেলিনা খাতুন বাদী হয়ে মামলা করেন।

তদন্ত শেষে ছয়জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা। সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত আসামিদের বিরুদ্ধে এ রায় দেন।