হবিগঞ্জ সদর উপজেলার কালীগঞ্জ এলাকায় খোয়াই নদীর ভাঙনকবলিত এলাকা দেড় মাসেও মেরামত করতে পারেনি পানি উন্নয়ন বোর্ড। ফলে এক রাতের ভারি বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলের পানি সেই ভাঙ্গন স্থান দিয়ে প্রবল স্রোতে লোকালয়ে প্রবেশ করছে। এতে আশপাশের গ্রামের মানুষের মধ্যে নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে।
রোববার সকাল পৌনে ১১টার দিকে খোয়াই নদীর বাঁধ মেরামতের স্থানে ফের ভাঙ্গন শুরু হয়। এর আগে শনিবার রাতে উজানে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে খোয়াই নদীতে আশঙ্কাজনকভাবে পানি বৃদ্ধি পায়।
এর আগে গত ৯ জুলাই রাত সাড়ে ৯টার দিকে কালীগঞ্জ এলাকায় খোয়াই নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙ্গে অন্তত ৩০টি গ্রাম প্লাবিত হয়েছিল। পরবর্তীতে পানি উন্নয়ন বোর্ড বাঁধ মেরামতের কাজ হাতে নিলেও দেড় মাসেও তা সম্পন্ন হয়নি। ফলে উজানের ঢলের পানিতে আবারও একই স্থান ভেঙ্গে লোকালয়ে পানি প্রবেশ করছে।
নদীতে যেভাবে পানি বৃদ্ধি পাচ্ছে, তাতে নতুন করে গ্রামের পর গ্রাম প্লাবিত হওয়ার শঙ্কায় স্থানীয় বাসিন্দাদের উদ্বেগ-উৎকণ্ঠা ক্রমেই বাড়ছে।
হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সায়েদুর রহমান জানান, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে খোয়াই নদীর পানি বাল্লা পয়েন্টে বিপদ সীমার ১৩০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলেই কালীগঞ্জে ভাঙ্গন স্থানে মেরামত করা অংশে আবারো ভাঙ্গন দেখা দিয়েছে।
আরও পড়ুন:








