পটুয়াখালীর বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নের মমিনপুরের লালচরে বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে দুটি মহিষের। এ ঘটনায় অসুস্থ হয়ে পড়েছে আরও একটি মহিষ। এদিকে আরেকটি মহিষের সন্ধান পাওয়া যাচ্ছে না।
ঘটনাটি ঘটেছে, শনিবার বিকালে।
স্থানীয়দের দাবি, মাছ শিকারের উদ্দেশ্যে দুর্বৃত্তরা লালচরের পানিতে বিষ প্রয়োগ করে থাকতে পারে। পরে ওই পানির আশপাশে ঘাস খাওয়ার সময় মহিষগুলো বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে মারা যায়।
মৃত মহিষ দুটির মালিক মমিনপুর গ্রামের নুর মোহাম্মদ ও চান্দু মিয়া।
নুর মোহাম্মদ বলেন, ‘লালচরে মহিষগুলো ঘাস খাচ্ছিল। পরে সেখানে গিয়ে দুটি মহিষকে মৃত অবস্থায় দেখতে পাই। একটি মহিষ অসুস্থ হয়ে পড়েছে এবং আরেকটির এখনো সন্ধান মেলেনি।’
স্থানীয়রা জানান, এর আগে লালচরে মহিষ চরানোর জন্য প্রতি মহিষের মালিকের কাছ থেকে ২০০ টাকা করে নেয়ার অভিযোগ উঠেছিল। সাবেক এক ছাত্রদল নেতার বিরুদ্ধে ওই টাকা নেয়ার অভিযোগকে কেন্দ্র করে এলাকায় সৃষ্টি হয়েছিল উত্তেজনাও।
লালচরের পানিতে বিষ প্রয়োগের ঘটনায় আতঙ্কে রয়েছেন সেখানে মহিষ পালনকারী প্রায় পাঁচ শতাধিক মালিক। তাদের মহিষ নিয়মিত ওই চরে ঘাস খায়। মহিষের মালিক ও স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত করে পানিতে বিষ প্রয়োগের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বাংলা এডিশনকে বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। এ ঘটনায় মৎস্য কর্মকর্তাকে সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করব। তদন্ত করে এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হবে।’
আরও পড়ুন:








