শনিবার

২২ আগস্ট, ২০২৬ ৭ ভাদ্র, ১৪৩৩

ধর্মঘট পালন করায় ১৩ দিনের বেতন কর্তন, গ্রামীণ ডাক কর্মচারীদের ফের আন্দোলনের হুঁশিয়ারি

কে.এম জারিদুল ইসলাম , যশোর

প্রকাশিত: ২২ আগস্ট, ২০২৬ ২২:২০

শেয়ার

ধর্মঘট পালন করায় ১৩ দিনের বেতন কর্তন, গ্রামীণ ডাক কর্মচারীদের ফের আন্দোলনের হুঁশিয়ারি
ছবি: সংগৃহীত

ধর্মঘট পালন করায় যশোর, মাগুরা, নড়াইল ও ঝিনাইদহের ২ হাজার ২১২ জন গ্রামীণ ডাক কর্মচারীর ১৩ দিনের বেতন কর্তনের অভিযোগ উঠেছে। কেটে নেয়া বেতন ফেরত ও অন্যান্য দাবি পূরণ না হলে অনশনসহ দেশব্যাপী ধর্মঘটের হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ।

শনিবার সকালে গ্রামীণ ডাক-কর্মচারী ইউনিয়ন যশোর জেলা শাখা আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ ও দাবি তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক আকাশ খান।

লিখিত বক্তব্যে বলা হয়, বর্তমান বাজার মূল্যের সঙ্গে সংগতি রেখে বেতন তিনগুণ বৃদ্ধি, নির্দিষ্ট পে-স্কেল ও উৎসব ভাতা নির্ধারণের দাবিতে গ্রামীণ ডাক কর্মচারীরা টানা ১৩ দিন ধর্মঘট পালন করেন। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশ্বাসে তারা ধর্মঘট প্রত্যাহার করেন।

সংগঠনের দাবি, ধর্মঘট প্রত্যাহারের আগে কোনো কর্মচারীর বেতন বা ভাতা কর্তন করা হবে না এবং প্রতি মাসের ১ থেকে ২ তারিখের মধ্যে বেতন দেওয়া হবে বলে আশ্বাস দেয়া হয়েছিল। তবে চলতি মাসের বেতন থেকে ধর্মঘটের ১৩ দিনের বেতন কেটে নেওয়া হয়েছে। খুলনা বিভাগীয় পোস্ট মাস্টার জেনারেল ও ডেপুটি পোস্ট মাস্টার জেনারেলের নির্দেশে এই বেতন কর্তন করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।

আকাশ খান জানান, যশোর জেলায় ৫৫৩ জনসহ চার জেলায় মোট ২ হাজার ২১২ জন গ্রামীণ ডাক কর্মচারী কর্মরত রয়েছেন। বর্তমানে একজন পোস্ট মাস্টার মাসে ৪ হাজার ৪৬০ টাকা, পিয়ন ৪ হাজার ৩৫৪ টাকা, রানার ৪ হাজার ১৭৭ টাকা এবং অফিস আয়া ৪ হাজার ৬০ টাকা বেতন পান।

সংগঠনের নেতাদের দাবি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বর্তমান বাজার মূল্যের তুলনায় এই বেতন যথেষ্ট নয়। এতে গ্রামীণ ডাক কর্মচারীদের পরিবার নিয়ে জীবনযাপন করা কঠিন হয়ে পড়েছে।



banner close
banner close