শনিবার

২২ আগস্ট, ২০২৬ ৭ ভাদ্র, ১৪৩৩

সিলেটে ফুটবল খেলাকে কেন্দ্র করে কিশোর রিফাত হত্যা: ব্রাহ্মণবাড়িয়া থেকে পলাতক আসামি গ্রেপ্তার

মোছাব্বির হাসান, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ২২ আগস্ট, ২০২৬ ১৮:০১

শেয়ার

সিলেটে ফুটবল খেলাকে কেন্দ্র করে কিশোর রিফাত হত্যা: ব্রাহ্মণবাড়িয়া থেকে পলাতক আসামি গ্রেপ্তার
ছবি: বাংলা এডিশন

সিলেটে ফুটবল খেলাকে কেন্দ্র করে কিশোর মোঃ রিফাত আহমদ হত্যা মামলার এজাহারনামীয় এক পলাতক আসামিকে ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯।

র‍্যাব-৯ সূত্রে জানা গেছে, গত ২১ জুলাই ২০২৬ সিলেটের দক্ষিণ সুরমা থানাধীন এরিনা ফুটসাল ইনডোর মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই দলের খেলোয়াড়দের মধ্যে ফাউল নিয়ে তর্ক-বিতর্কের সৃষ্টি হয়। একপর্যায়ে বিরোধের জেরে রাফি তার বন্ধুদের নিয়ে মাঠ থেকে চলে যেতে চাইলে প্রতিপক্ষ দলের সদস্যরা তাদের বাধা ও হুমকি দেয়।

পরে রাফি বিষয়টি তার বন্ধু ও চৌকিদেখীস্থ দ্বীপ শিখা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র রিফাত আহমদকে জানালে রিফাত তাকে সহায়তা করতে এগিয়ে আসে। ওইদিন রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে কাজীরবাজারস্থ সেলফি ব্রিজে পৌঁছালে পূর্ব থেকে অবস্থান নেওয়া কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্র দিয়ে রিফাতের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর আহত করে।

এ সময় রিফাতকে রক্ষা করতে সাব্বির আহমদ, আব্দুস সামি ও রবিউল এগিয়ে এলে তারাও হামলার শিকার হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিফাত আহমদকে মৃত ঘোষণা করেন। আহত অন্যরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় নিহত রিফাতের মা বাদী হয়ে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালী মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার পর আসামিদের গ্রেপ্তারে র‍্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯ সদর কোম্পানি, সিলেট ও সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার যৌথ আভিযানিক দল গত ২১ আগস্ট রাত আনুমানিক ১০:৪০ মিনিটে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানাধীন লাউর ফতেপুর ইউনিয়নের আহম্মদপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে সিলেটের কোতোয়ালী মডেল থানার মামলা নং-৪০, তারিখ ৩০ জুলাই ২০২৬-এর এজাহারনামীয় ৮নং পলাতক আসামি জুয়েল আহমেদ (১৮)-কে গ্রেপ্তার করা হয়। তিনি সিলেটের গোয়াইনঘাট থানার হাদারপাড় এলাকার জিয়াউর রহমানের ছেলে।

র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃত জুয়েল আহমেদকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে র‍্যাব-৯-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।



banner close
banner close