শুক্রবার

২১ আগস্ট, ২০২৬ ৬ ভাদ্র, ১৪৩৩

টঙ্গীতে ৫০ নং ওয়ার্ডে যুবসমাজের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি

গাজীপুর,প্রতিনিধি

প্রকাশিত: ২১ আগস্ট, ২০২৬ ১৮:৩৯

শেয়ার

টঙ্গীতে ৫০ নং ওয়ার্ডে যুবসমাজের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি
ছবি: বাংলা এডিশন

মাদকের ভয়াল থাবা থেকে তরুণ ও যুবসমাজকে রক্ষা এবং একটি নিরাপদ, মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে গাজীপুর মহানগরের টঙ্গীর ৫০ নং ওয়ার্ডে এক বিশাল মাদকবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় যুবসমাজের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে মাদকের বিরুদ্ধে জোরদার সামাজিক প্রতিরোধ গড়ে তোলার উদাত্ত আহ্বান জানানো হয়।

শুক্রবার জুমার নামাজ শেষে টঙ্গীর ৫০ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের এলাকাবাসীর উপস্থিতিতে র‍্যালিটি শুরু হয়। এতে অংশ নেন টঙ্গী সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফজলে রাব্বি এবং টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দল নেতা কাজী মামুনসহ স্থানীয় যুবনেতারা।

র‍্যালিতে অংশগ্রহণকারীরা "মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি"—এই প্রতিপাদ্যসহ মাদকবিরোধী নানা স্লোগানসংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন। র‍্যালিটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

সমাবেশে বক্তব্য প্রদানকালে বক্তারা বলেন, মাদক কেবল একজন ব্যক্তির জীবন ধ্বংস করে না; বরং পুরো পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনকে এক গভীর অন্ধকারের দিকে ঠেলে দেয়। তাই মাদকমুক্ত পরিবেশ নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সমাজের সব স্তরের মানুষের ঐক্যবদ্ধ প্রচেষ্টা অপরিহার্য।

আয়োজকরা জানান, ৫০ নং ওয়ার্ডকে সম্পূর্ণরূপে মাদকমুক্ত করার লক্ষ্য নিয়ে তারা মাঠে নেমেছেন। সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি এবং তরুণদের মাদক থেকে দূরে রাখতে সামনেও এই ধরনের সামাজিক কর্মসূচি ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

কর্মসূচিতে অংশ নেওয়া তরুণ ও সুশীল সমাজের সদস্যরা বলেন, মাদকের থাবা থেকে যুবসমাজকে বাঁচাতে হলে তাদের খেলাধুলা, শিক্ষা, সংস্কৃতি ও ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে ব্যাপকভাবে সম্পৃক্ত করতে হবে। একই সঙ্গে এলাকায় মাদক কেনাবেচায় জড়িত কারবারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান তারা।

সাম্প্রতিক সময়ে গাজীপুরের বিভিন্ন অঞ্চলে মাদকের বিস্তার ও বেচাকেনা বৃদ্ধির খবর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এমন প্রেক্ষাপটে স্থানীয় পর্যায়ে যুবসমাজের এই উদ্যোগকে মাদকমুক্ত সমাজ গড়ার আন্দোলনে একটি গুরুত্বপূর্ণ ও ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন সচেতন মহল।

আয়োজকদের প্রত্যাশা, টঙ্গীর ৫০ নম্বর ওয়ার্ড থেকে সূচিত এই সামাজিক আন্দোলন দ্রুত পুরো গাজীপুরজুড়ে ছড়িয়ে পড়বে।



banner close
banner close