বৃহস্পতিবার

২০ আগস্ট, ২০২৬ ৫ ভাদ্র, ১৪৩৩

গণ-অভ্যুত্থানের অর্জন, প্রত্যাশা ও আগামীর বাংলাদেশ নিয়ে টঙ্গী প্রেসক্লাবে আলোচনা

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ২০ আগস্ট, ২০২৬ ২১:১৫

শেয়ার

গণ-অভ্যুত্থানের অর্জন, প্রত্যাশা ও আগামীর বাংলাদেশ নিয়ে টঙ্গী প্রেসক্লাবে আলোচনা
ছবি: বাংলা এডিশন

গণ-অভ্যুত্থানের দুই বছর পূর্তি উপলক্ষে ‘গণ-অভ্যুত্থানের দুই বছর অর্জন, প্রত্যাশা ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে টঙ্গী প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত এ সভায় গাজীপুর সিটি করপোরেশনের ৮টি জোন ও ৫৭টি ওয়ার্ডে উন্নতমানের খেলার মাঠ ও আধুনিক ফুটসাল টার্ফ নির্মাণের উদ্যোগের কথা জানান সিটি প্রশাসক মো. শওকত হোসেন সরকার।

প্রধান অতিথি সিটি প্রশাসক শওকত হোসেন সরকার বলেন, গাজীপুরের প্রতিটি ওয়ার্ডে খেলাধুলার সুযোগ সৃষ্টি এবং তরুণ প্রজন্মকে ক্রীড়ামুখী করতে উন্নতমানের খেলার মাঠ ও আধুনিক ফুটসাল টার্ফ নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। ইতোমধ্যে প্রয়োজনীয় জমি শনাক্তকরণ এবং ডিপিপি (উন্নয়ন প্রকল্প প্রস্তাব) প্রস্তুত করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে। অনুমোদন পেলেই দ্রুত নির্মাণকাজ শুরু হবে।

তিনি আরও বলেন, টঙ্গীর ঐতিহ্যবাহী কলেজগেট অডিটোরিয়াম ও স্টেডিয়াম প্রাঙ্গণটি সিটি করপোরেশনের অর্থায়নে উদ্ধার করা হয়েছে। সেখানে বুয়েটের প্রকৌশলীদের মাধ্যমে আন্তর্জাতিক মানের আধুনিক স্টেডিয়াম নির্মাণের নকশা প্রণয়নের কাজ চলছে। পাশাপাশি সিটির আঞ্চলিক কার্যালয়ের স্থানে ১০ তলা ভবন নির্মাণের নকশাও করা হচ্ছে।

জনভোগান্তি কমাতে বিআরটি প্রকল্পের অসমাপ্ত কাজ দ্রুত শেষ করা, চেরাগ আলী ও কলেজগেট এলাকায় রেইলিং ফেনসিং নির্মাণ এবং নতুন ফুটওভার ব্রিজ চালুর উদ্যোগ নেয়া হবে বলেও জানান তিনি। একই সঙ্গে টঙ্গী প্রেসক্লাবের জন্য নিজস্ব ও দৃষ্টিনন্দন ভবন নির্মাণের উদ্যোগ নেয়ার কথা জানান সিটি প্রশাসক।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর সাবেক সভাপতি ও দৈনিক আমার দেশ-এর যুগ্ম সম্পাদক এম আব্দুল্লাহ।

তিনি বলেন, গণ-অভ্যুত্থানের অন্যতম বড় অর্জন হলো মতপ্রকাশের স্বাধীনতা ও একটি মুক্ত বাংলাদেশ। বিগত সরকারের শাসনামলে সাংবাদিকতা ও বাকস্বাধীনতা চরমভাবে বাধাগ্রস্ত হয়েছিল। অপসাংবাদিকতা দূর করতে পেশাদার সাংবাদিকদের যথাযথ মূল্যায়ন ও পৃষ্ঠপোষকতা নিশ্চিত করা এখন সময়ের দাবি।

এম আব্দুল্লাহ আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয় প্রেসক্লাব, প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি) ও প্রেস কাউন্সিল প্রতিষ্ঠাসহ সাংবাদিকদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ নিয়েছিলেন। সাংবাদিকদের সরকারি কর্মকর্তা স্কেলের বেতন-ভাতা বাস্তবায়নেও তিনি পদক্ষেপ নিয়েছিলেন। পরবর্তীতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াও সাংবাদিকদের স্বার্থরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

টঙ্গী প্রেসক্লাবের সভাপতি আলহাজ মো. মেরাজ উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শেখ আজিজুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল আলম শুক্কুর, মহানগর যুবদলের সাবেক সভাপতি ও টঙ্গী পশ্চিম থানা বিএনপির সভাপতি প্রভাষক বসির উদ্দীন, মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আব্দুর রহিম খান কালা, জিএমপি (দক্ষিণ)-এর এডিসি মোহাম্মদ জিয়াউল হক, সাংবাদিক ইউনিয়ন গাজীপুরের সাধারণ সম্পাদক মুহাম্মদ হেদায়েত উল্লাহ, টঙ্গী প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুল ইসলাম ও সাবেক সভাপতি সৈয়দ আতিক প্রমুখ।

এ সময় টঙ্গী প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সহসভাপতি মাহবুব চৌধুরী, সহসাধারণ সম্পাদক মো. জাকারিয়া চৌধুরী, কোষাধ্যক্ষ আব্দুস সবুর খান, দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহজাহান শোভন, সদস্য এম আর নাসিরসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।



banner close
banner close