বৃহস্পতিবার

২০ আগস্ট, ২০২৬ ৫ ভাদ্র, ১৪৩৩

তাড়াশে ৩০ বছরের চলাচলের রাস্তা দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ আগস্ট, ২০২৬ ২০:১৩

আপডেট: ২০ আগস্ট, ২০২৬ ২০:১৪

শেয়ার

তাড়াশে ৩০ বছরের চলাচলের রাস্তা দখলের অভিযোগ
ছবি বাংলা এডিসন

সিরাজগঞ্জের তাড়াশে একটি গ্রামের শতাধিক পরিবারের প্রায় ৩০ বছরের চলাচলের একমাত্র রাস্তা মাটি কেটে গাছের চারা রোপণ ও বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে এক প্রভাবশালীর বিরুদ্ধে।

এতে চরম ভোগান্তিতে পড়েছেন ওই গ্রামের কৃষক, চাকরিজীবী, নারী, শিশু ও শিক্ষার্থীসহ প্রায় শতাধিক পরিবারের সদস্যরা। রাস্তা উদ্ধারে প্রতিকার চেয়ে বুধবার (১৯ আগস্ট) বিকেলে তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন গ্রামের শতাধিক পরিবার।

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার তালম ইউনিয়নের খোশালপুর গ্রামের খাসপাড়ায় শতাধিক পরিবার বংশপরম্পরায় বসবাস করে আসছেন। খোশালপুর-নামাকুলামুলা আঞ্চলিক সড়ক থেকে খাসপাড়ার মো. মতলেব হোসেনের বাড়ি পর্যন্ত প্রায় ৩০০ ফুটের ওই রাস্তা জনসাধারণের চলাচলের একমাত্র পথ।

স্থানীয়রা জানান, দীর্ঘ ৩০ বছর ধরে তাঁরা ওই রাস্তা দিয়ে হাট-বাজারে যাতায়াত, কৃষিপণ্য আনা-নেওয়া, রোগী পরিবহন এবং শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াতসহ বিভিন্ন কাজে ব্যবহার করে আসছেন।

অভিযোগে বলা হয়েছে, হঠাৎ করে তালম গ্রামের প্রভাবশালী মো. বিদ্যুৎ হোসেন সরকার ও তাঁর লোকজন জায়গাটি নিজেদের পৈতৃক সম্পত্তি দাবি করে মাটি কেটে গাছের চারা রোপণ করেছেন এবং বাঁশের বেড়া দিয়ে চলাচলের পথ বন্ধ করে দিয়েছেন।

তবে অভিযোগের বিষয়ে মো. বিদ্যুৎ হোসেন সরকার মুঠোফোনে বলেন, ওই জায়গা তাঁর বাপ-দাদার সম্পত্তি। আওয়ামী লীগের সময় দখল করতে পারেননি, এখন দখল করেছেন।

এদিকে, গ্রামবাসীর মৌখিক অভিযোগ পাওয়ার পর ১ নম্বর তালম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (প্যানেল-১) মো. নাজির উদ্দিন ঘটনাস্থলে গিয়ে বিষয়টি সমাধানের আশ্বাস দিয়েছেন।

এ প্রসঙ্গে তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান বলেন, লিখিত অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য তালম ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তাকে সরেজমিনে গিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।



banner close
banner close