বৃহস্পতিবার

২০ আগস্ট, ২০২৬ ৫ ভাদ্র, ১৪৩৩

মহেশপুরে পুলিশের বিশেষ অভিযানে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

ইসমাইল খান, মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশিত: ২০ আগস্ট, ২০২৬ ১০:৪৮

শেয়ার

মহেশপুরে পুলিশের বিশেষ অভিযানে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
ছবি: সংগৃহীত

ঝিনাইদহের মহেশপুরে পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট, একটি মোটরসাইকেল ও তিনটি মোবাইল ফোনসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৮০ হাজার টাকা।

পুলিশ সূত্রে জানা যায়, ঝিনাইদহ জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় এবং মহেশপুর থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসানের সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) হিমানিষ বিশ্বাস সঙ্গীয় ফোর্সসহ বুধবার (১৯ আগস্ট) মহেশপুর পৌরসভা এলাকায় অস্ত্র ও মাদক উদ্ধার এবং ওয়ারেন্ট তামিলের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, মহেশপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পাতিবিলা পুকুরপাড়া এলাকায় মাদক কেনাবেচা চলছে। পরে আনুমানিক সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এসআই হিমানিষ বিশ্বাসের নেতৃত্বে পুলিশের একটি দল পাতিবিলা পুকুরপাড় এলাকায় মোঃ মাসুম বিল্লাল (শান্ত)-এর বসতঘরের সামনের ফাঁকা জায়গায় অভিযান চালায়। এ সময় দুইজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—মোঃ মাসুম বিল্লাল (শান্ত) (৩৫), পিতা মোঃ নুর কুদ্দুস, পাতিবিলা পুকুরপাড়া, ৭ নম্বর ওয়ার্ড, মহেশপুর, ঝিনাইদহ এবং মোঃ হাবিবুর রহমান ওরফে হাবিব (৩২), পিতা মোঃ মনসুর আলী, জমিদারপাড়া, ৫ নম্বর ওয়ার্ড, মহেশপুর, ঝিনাইদহ।

পুলিশের অভিযানে তাদের কাছ থেকে ৬০০ পিস হালকা গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার মোট ওজন ৬০ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৮০ হাজার টাকা। এছাড়া একটি মোটরসাইকেল ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

মহেশপুর থানা পুলিশের এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।



আরও পড়ুন:

banner close
banner close