শুক্রবার

১১ সেপ্টেম্বর, ২০২৬ ২৭ ভাদ্র, ১৪৩৩

আখাউড়ার কেল্লা বাবার মাজারে মিললো ১২ বস্তা টাকা, সোনা-রুপা ও বিদেশি মুদ্রা

দেলোয়ার হোসাইন মাহদী,কসবা-আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া)

প্রকাশিত: ১৯ আগস্ট, ২০২৬ ২৩:১০

শেয়ার

আখাউড়ার কেল্লা বাবার মাজারে মিললো ১২ বস্তা টাকা, সোনা-রুপা ও বিদেশি মুদ্রা
ছবি: বাংলা এডিশন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার বিখ্যাত খরমপুর শাহ সৈয়দ আহাম্মদ গেছুদারাজ ওরফে শাহ পীর কেল্লা বাবার মাজারের সাত দিনব্যাপী ওরসে স্থাপন করা দানবাক্স থেকে পাওয়া গেল ১২ বস্তা টাকা। নগদ অর্থের পাশাপাশি উপহার হিসেবে মিলেছে কিছু সোনা-রুপা ও বিদেশি মুদ্রা।

সোনালী ব্যাংকের ১৬ জন কর্মকর্তা ও মাজার শরীফ মাদ্রাসার শিক্ষার্থী মিলে অন্তত অর্ধশত স্বেচ্ছাসেবী টাকা গণনা করছেন।

এছাড়াও মাজার প্রাঙ্গণে ভক্তদের দেওয়া বিভিন্ন পশুপাখির হিসাব ও অন্যান্য সামগ্রী মাজার কর্তৃপক্ষের জিম্মায় রাখা হয়েছে।

গণনা শেষে সার্বিক হিসাব ও চূড়ান্ত অর্থ সংগ্রহের পরিমাণ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বলে মাজার পরিচালনা কমিটির সহ-সভাপতি ও আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপসী রাবেয়া এক গণমাধ্যমকে জানিয়েছেন।

মাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ওরফে মিন্টু খাদেম বলেন, এই বছর আমরা ক্যাশ টাকা পেয়েছি – ১,০৩,০০,৬৫১ টাকা। এছাড়াও বিভিন্ন সোনা রুপা পাওয়া গিয়েছে।

গত ১৬ই আগস্ট রোববার দিবাগত রাত ১২টা পর্যন্ত সপ্তাহব্যাপী ওরসে দেশ-বিদেশ থেকে আগত মাজারের ভক্ত-আশেকানরা ৪টি দানবাক্সে ওই টাকা ও সোনা-রুপা এবং বিদেশি মুদ্রা দান করেন।